‘আলফা’ ঘিরে আলোচনার ঝড়, পারিশ্রমিকে শীর্ষে আলিয়া ভাট

অনলাইন ডেস্ক
যশরাজ ফিল্মসের বহুল প্রতীক্ষিত স্পাই ইউনিভার্সের নতুন ছবি ‘আলফা’ মুক্তির পর থেকেই আলোচনায়। তবে এবার আলোচনার কেন্দ্রে গল্প বা অ্যাকশন নয়, বরং অভিনয়শিল্পীদের পারিশ্রমিক। বিশেষ করে ২৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে নতুন রেকর্ড গড়েছেন আলিয়া ভাট।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ছবিতে কেন্দ্রীয় স্পাই চরিত্রে অভিনয়ের জন্য আলিয়া ভাট ২৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। এর মাধ্যমে তিনি বলিউডের শীর্ষ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের তালিকায় দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কাইফকে ছাড়িয়ে গেছেন।

একসময় এই তালিকার শীর্ষে ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কাইফ। বর্তমানে প্রিয়াঙ্কা হলিউডের বিভিন্ন প্রজেক্টে ব্যস্ত থাকায় বলিউডে তার উপস্থিতি কম। অন্যদিকে ক্যাটরিনা কাইফও সাম্প্রতিক সময়ে বড় পর্দায় নিয়মিত নন। বিভিন্ন সূত্র অনুযায়ী, ক্যাটরিনা প্রতি ছবিতে প্রায় ১৫ কোটি রুপি পারিশ্রমিক নিতেন, আর দীপিকা পাড়ুকোনের পারিশ্রমিক ছিল ২০ কোটির কিছু বেশি।

‘আলফা’ ছবিতে আলিয়ার বাবার চরিত্রে অভিনয় করেছেন ববি দেওল। ‘অ্যানিম্যাল’ ছবির পর নতুন করে আলোচনায় আসা এই অভিনেতা প্রায় ৬ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছেন বলে জানা গেছে। এছাড়া গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা গেছে শর্বরী ওয়াঘকে। যশরাজ ফিল্মসের মাধ্যমেই বলিউডে অভিষেক হওয়া এই অভিনেত্রী ছবিটির জন্য প্রায় ৩ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছেন। একই অঙ্ক পেয়েছেন বর্ষীয়ান অভিনেতা অনিল কাপুরও।

যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের জনপ্রিয় চরিত্র ‘কবির’ হিসেবে বিশেষ উপস্থিতিতে (ক্যামিও) দেখা যাবে হৃতিক রোশনকে। তবে এই বিশেষ চরিত্রের জন্য তিনি কত পারিশ্রমিক নিয়েছেন, তা এখনো প্রকাশ করা হয়নি।

অ্যাকশনধর্মী এই ছবিতে আলিয়া ভাটকে স্পাই চরিত্রে কাস্ট করা নিয়ে আগে থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেক দর্শকের মতে, এই ধরনের চরিত্রে আলিয়াকে মানানসই নাও লাগতে পারে। তবে নির্মাতারা ছবির সাফল্য নিয়ে আশাবাদী।

ববি দেওল, শর্বরী ওয়াঘ, অনিল কাপুর ও হৃতিক রোশনের উপস্থিতিতে নির্মিত ‘আলফা’ ৩ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে ছবিটি ইতোমধ্যেই দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights