জাংকুকের বাড়িতে ১৩৩ বার ডোরবেল, ব্রাজিলীয় নারীর কারাদণ্ড

অনলাইন ডেস্ক
বিটিএস তারকা জাংকুকের বাড়ির সামনে বারবার অস্বাভাবিক আচরণ ও হয়রানির অভিযোগে এক ব্রাজিলীয় নারীকে এক বছরের কারাদণ্ড দিয়েছে দক্ষিণ কোরিয়ার একটি আদালত। তবে শাস্তিটি দুই বছরের জন্য স্থগিত রাখা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে আদালতের শর্ত ভঙ্গ হলে তাকে দেশ থেকে বহিষ্কারের সম্ভাবনাও রয়েছে।

দক্ষিণ কোরিয়ার সিউলের একটি জেলা আদালত অভিযুক্ত নারীকে এক বছরের কারাদণ্ড দিলেও তা আপাতত দুই বছরের জন্য স্থগিত রাখার নির্দেশ দিয়েছে। রায় অনুযায়ী, আপিল প্রক্রিয়ায় ব্যর্থ হলে তাকে নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়টি বিবেচনায় নেওয়া হতে পারে।

আদালত ও পুলিশের তথ্য অনুযায়ী, গত বছরের ডিসেম্বর থেকে জাংকুকের প্রতি ওই নারীর আচরণ অস্বাভাবিকভাবে ঘন ঘন বাড়তে থাকে। তিনি প্রথমে জাংকুকের বাসার সামনে চিঠি ও ছবি রেখে যাওয়ার চেষ্টা করেন এবং দাবি করেন- এসব তিনি “ভালোবাসা থেকেই” করেছেন।

মামলার নথিতে বলা হয়েছে, গত বছরের ৭ ডিসেম্বর ওই নারী সিউলে জাংকুকের বাসার আশপাশে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করেন। তিনি বাড়ির দেয়াল ও গেটের কাছে চিঠি রেখে যাওয়ার চেষ্টা করেন এবং দেয়াল টপকে ভেতরে জিনিসপত্র ছুড়ে দেন।

এর কয়েকদিন পর তিনি আবারও সেখানে গিয়ে টানা ১৩৩ বার ডোরবেল বাজান, যা আদালতের ভাষায় “চরম মাত্রার অনুচিত আচরণ” হিসেবে উল্লেখ করা হয়েছে। পরে ১৩ ডিসেম্বর তাকে গ্রেফতার করা হয়, যখন তিনি এক খাবার সরবরাহকারী কর্মীর পিছু নিয়ে গেট দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করেন।

পরদিন তাকে আর ওই এলাকায় না যাওয়ার শর্তে মুক্তি দেওয়া হলেও তিনি সেই নির্দেশ উপেক্ষা করেন। পরবর্তী কয়েক সপ্তাহে তিনি বারবার জাংকুকের বাসার আশপাশে উপস্থিত হন। এ ঘটনায় পুলিশ তার বিরুদ্ধে বাড়ির ১০০ মিটারের মধ্যে প্রবেশ নিষিদ্ধের আদেশ জারি করে।

তবুও নিষেধাজ্ঞা অমান্য করে তিনি চলতি বছরের ফেব্রুয়ারিতেও জাংকুকের বাসার আশপাশে যান বলে অভিযোগ উঠে। সব মিলিয়ে অন্তত ২২ বার সেখানে যাওয়ার তথ্য আদালতে উপস্থাপন করা হয়। রায় ঘোষণার সময় বিচারক বলেন, “অপরাধ পুনরায় করার ঝুঁকি খুব বেশি নয়-এই বিষয়সহ অন্যান্য পরিস্থিতি বিবেচনা করেই দণ্ড নির্ধারণ করা হয়েছে।”

উল্লেখ্য, এর আগে জাংকুক সামরিক দায়িত্ব শেষ করে বাসায় ফেরার সময় তার বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা করলে ৩০ বছর বয়সী এক চীনা নারীকে গ্রেফতার করেছিল পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights