বলিউডে লিঙ্গবৈষম্যের অভিযোগ তুললেন কৃতি শ্যানন

অনলাইন ডেস্ক

সময়ের সঙ্গে বলিউডে নারীকেন্দ্রিক সিনেমার সংখ্যা বাড়লেও শিল্পে লিঙ্গবৈষম্য পুরোপুরি দূর হয়নি বলে মন্তব্য করেছেন অভিনেত্রী কৃতি শ্যানন। কাজের পরিবেশে পুরুষ ও নারী শিল্পীদের প্রতি ভিন্ন আচরণ এখনও বিদ্যমান বলে প্রকাশ্যে অভিযোগ তুলেছেন তিনি।

এক সাক্ষাৎকারে কৃতি শ্যানন জানান, মডেলিং, ইঞ্জিনিয়ারিং কলেজ এবং অভিনয়- সব ক্ষেত্রেই অভিজ্ঞতা থাকলেও বলিউডই তাকে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে ফেলেছে। তার ভাষায়, ক্যারিয়ারের শুরুর দিকে বেশিরভাগ চলচ্চিত্রই ছিল নায়ককেন্দ্রিক, যেখানে নায়িকাদের চরিত্র সীমাবদ্ধ ছিল শুধুমাত্র প্রেমিকার ভূমিকায়। যদিও বর্তমানে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে এবং নারীদের জন্য শক্তিশালী চরিত্র লেখা হচ্ছে, তবুও বৈষম্য পুরোপুরি দূর হয়নি।

কৃতির অভিযোগ, শুটিং সেটে নিজের চরিত্র বা দৃশ্য নিয়ে প্রশ্ন তুললে অনেক সময় তা নেতিবাচকভাবে দেখা হয়। অথচ এই প্রশ্ন করাটা তার কাজের প্রতি আগ্রহ ও প্রস্তুতির অংশ বলেই জানান তিনি।

তার ভাষায়, একজন নায়িকা যদি চরিত্র নিয়ে প্রশ্ন করেন, অনেকেই বলেন- আবার কত প্রশ্ন শুরু হলো। অথচ একই কাজ একজন পুরুষ অভিনেতা করলে তাকে বলা হয় তিনি খুবই ডেডিকেটেড। তিনি আরও বলেন, একই ধরনের মতামত বা বিশ্লেষণ প্রকাশ করলেও পুরুষ অভিনেতাদের ক্ষেত্রে তা গুরুত্ব সহকারে নেওয়া হয়, কিন্তু নারীদের ক্ষেত্রে অনেক সময় তা উপেক্ষা করা হয়।

শুধু সৃজনশীল সিদ্ধান্ত নয়, দৈনন্দিন শুটিং ব্যবস্থাপনাতেও পার্থক্যের ইঙ্গিত দেন কৃতি শ্যানন। তার দাবি, অনেক ক্ষেত্রে পুরুষ অভিনেতাদের জন্য তুলনামূলকভাবে ভালো ঘর বা গাড়ির ব্যবস্থা করা হয়, যদিও ব্যক্তিগতভাবে এসব সুবিধা তার কাছে বড় বিষয় নয়।

তিনি আরও জানান, সহকারী পরিচালকরা প্রায়ই নারী শিল্পীদের আগে সেটে ডাকেন, কারণ পুরুষ তারকাদের অপেক্ষা করাতে তারা বেশি সংকোচ বোধ করেন। তার মতে, অজান্তেই অনেক সময় পুরুষ শিল্পীদের বেশি গুরুত্ব দেওয়া হয় এবং নারী শিল্পীদের স্বাভাবিকভাবেই মানিয়ে নেওয়ার প্রত্যাশা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights