হামাস ও হিজবুল্লাহ প্রতিনিধিদলের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
অনলাইন ডেস্ক
হত্যাকাণ্ডের শিকার ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠানের আগে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর পৃথক প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, হামাসের শুরা কাউন্সিলের প্রধান মোহাম্মদ দারবিশের নেতৃত্বে একটি প্রতিনিধিদল তেহরানে আরাগচির সঙ্গে সাক্ষাৎ করে। বৈঠকে প্রতিনিধিদলটি আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশের পাশাপাশি গাজা উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীরের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করে।
বৈঠকে মোহাম্মদ দারবিশ গাজার পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকার কঠোর সমালোচনা করে একে ‘বিপর্যয়কর’ বলে অভিহিত করেন। তিনি ইসরায়েলকে যুদ্ধাপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহির আওতায় আনার আহ্বান জানান। একই সঙ্গে ফিলিস্তিনি জনগণের প্রতি ইরানের দীর্ঘদিনের সমর্থনের প্রশংসা করেন এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে তেহরানের সামরিক ও কূটনৈতিক সাফল্যের জন্য ইরানকে অভিনন্দন জানান।
জবাবে আব্বাস আরাগচি শোকবার্তার জন্য হামাস প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি ইরানের অটল সমর্থন পুনর্ব্যক্ত করেন।
এদিকে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, একই দিনে আরাগচি হিজবুল্লাহর একটি প্রতিনিধিদলের সঙ্গেও বৈঠক করেন। প্রতিনিধিদলটির নেতৃত্ব দেন সংগঠনটির জ্যেষ্ঠ রাজনৈতিক নেতা ও লেবাননের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ ফনেইশ।
বৈঠকে ফনেইশ হিজবুল্লাহর মহাসচিব নাইম কাসেমের পক্ষ থেকে আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে সমবেদনা জানান। পাশাপাশি লেবাননের প্রতি ইরানের ধারাবাহিক সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে তেহরানের সামরিক ও কূটনৈতিক ভূমিকার প্রশংসা করেন।
জবাবে আরাগচি হিজবুল্লাহর প্রতিরোধ সংগ্রামের প্রশংসা করেন এবং সংগঠনটির নিহত সাবেক মহাসচিব হাসান নাসরুল্লাহর প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে লেবাননে যুদ্ধের অবসান ঘটাতে ইরান কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে। সূত্র: আল-জাজিরা, ইরনা
