দ্য হান্ড্রেডে মুস্তাফিজের অভিষেক, মিলেছে বিসিবির ছাড়পত্র

অনলাইন ডেস্ক
বাংলাদেশের পেস তারকা মুস্তাফিজুর রহমান এবার নাম লেখাতে যাচ্ছেন ইংল্যান্ডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হান্ড্রেডে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে পুরো টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে। ফলে আসন্ন আসরে খেলতে আর কোনো বাধা থাকছে না তার।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে বিসিবির এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মুস্তাফিজকে আগামী ২০ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত অনাপত্তিপত্র দেওয়া হয়েছে। তাই ২১ জুলাই শুরু হওয়া দ্য হান্ড্রেডের ষষ্ঠ আসরে বার্মিংহাম ফিনিক্সের হয়ে মাঠে নামবেন এই বাঁহাতি পেসার।

এর আগে, টুর্নামেন্টের ড্রাফটে ১ লাখ পাউন্ড ভিত্তিমূল্যে মুস্তাফিজকে দলে ভেড়ায় বার্মিংহাম ফিনিক্স। এর মধ্য দিয়ে তিনিই হতে যাচ্ছেন দ্য হান্ড্রেডে অংশ নেওয়া প্রথম বাংলাদেশি ক্রিকেটার।

ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে অবশ্য মুস্তাফিজের অভিজ্ঞতা নতুন নয়। ২০১৬ সালে সাসেক্সের হয়ে টি-টোয়েন্টি ব্লাস্টে খেলেছিলেন তিনি। প্রায় এক দশক পর আবারও ইংলিশ কন্ডিশনে সাদা বলের ক্রিকেটে দেখা যাবে ‘কাটার মাস্টার’কে।

বর্তমানে বাংলাদেশ দলের সঙ্গে জিম্বাবুয়ে সফরে রয়েছেন মুস্তাফিজ। ১৯ জুলাই বুলাওয়েতে টি-টোয়েন্টি সিরিজ শেষ করেই তিনি সরাসরি ইংল্যান্ডে উড়াল দেবেন।

এদিকে একই সঙ্গে পারভেজ হোসেন ইমনকেও গ্লোবাল সুপার লিগে খেলার জন্য অনাপত্তিপত্র দিয়েছে বিসিবি। জিম্বাবুয়ে সফর শেষে তিনি লাহোর কালান্দার্সের হয়ে টুর্নামেন্টটিতে অংশ নেবেন।

অন্যদিকে ডানহাতি পেসার হাসান মাহমুদ ইংলিশ কাউন্টি দল কেন্ট স্পিটফায়ার্সের হয়ে টি-টোয়েন্টি ব্লাস্টের গ্রুপ পর্বের শেষ তিনটি ম্যাচ খেলবেন। এর আগে কাউন্টি চ্যাম্পিয়নশিপে কেন্টের হয়ে দুই ম্যাচে ১২ উইকেট শিকার করে দারুণ প্রশংসা কুড়িয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights