নরওয়ে ম্যাচে খেলবেন নেইমার?

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের শেষ ষোলোয় নরওয়ের বিপক্ষে ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নেইমার জুনিয়রকে ঘিরে জল্পনা তুঙ্গে। চোট কাটিয়ে দলে ফিরলেও এই তারকা ফরোয়ার্ডকে শুরুর একাদশে দেখা যাবে কি না, সেটি এখনও নিশ্চিত নয়। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির মতে, নেইমারের খেলার সম্ভাবনা পুরোপুরি নির্ভর করবে ম্যাচের পরিস্থিতি ও দলের প্রয়োজনের ওপর।

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে আনচেলত্তি জানান, নেইমার পুরোপুরি ফিট এবং প্রয়োজন হলে পুরো ৯০ মিনিট খেলতেও সক্ষম।

ব্রাজিল কোচ বলেন,’সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সে খেলার জন্য প্রস্তুত। কতক্ষণ খেলবে, সেটা আগে থেকে বলা সম্ভব নয়। যখনই মনে করব দলের ওকে প্রয়োজন, তখনই সে মাঠে নামবে।’

নেইমার ও ভিনিসিয়ুস জুনিয়রকে একসঙ্গে খেলানোর সম্ভাবনাও উড়িয়ে দেননি আনচেলত্তি। তিনি বলেন,’নেইমার ও ভিনি একসঙ্গে খেলতে পারে। আমি মনে করি, তারা একসঙ্গেই খেলবে।’

জাপানের বিপক্ষে শেষ বত্রিশের ম্যাচে নেইমারকে মাঠে নামানোর সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাস্তবায়ন করেননি আনচেলত্তি। পরে তিনি জানান, ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ালে নেইমারকে নামানোর প্রস্তুতি ছিল।

আনচেলত্তি বলেন,’আমরা যদি সমতা ফেরাতে না পারতাম, তাহলে ৬০-৬৫ মিনিটের দিকে নেইমারকে নামাতাম। কিন্তু গোল শোধ করার পর ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে চলে আসে। তাই দলের কৌশলে পরিবর্তন আনার প্রয়োজন মনে করিনি।’

চলতি বিশ্বকাপে নিজের চতুর্থ আসরে এখন পর্যন্ত মাত্র ১৪ মিনিট খেলেছেন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন তিনি।

নেইমার বেঞ্চে বসে সন্তুষ্ট নন বলেও জানিয়েছেন আনচেলত্তি। তবে তার পেশাদার মানসিকতার প্রশংসা করেছেন ইতালিয়ান এই কোচ।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ রাত ২টায় নরওয়ের মুখোমুখি হবে ব্রাজিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights