উদযাপন করতে গিয়েই শেষ বিশ্বকাপ, ছিটকে গেলেন ইংলিশ তারকা

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের আগে বড় দুঃসংবাদ পেল ইংল্যান্ড। চোটের কারণে টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন অভিজ্ঞ মিডফিল্ডার জর্ডান হেন্ডারসন। ফলে নরওয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে ছাড়াই মাঠে নামতে হবে টমাস টুখেলের দলকে।

শেষ ষোলোয় মেক্সিকোর বিপক্ষে ৩-২ গোলের নাটকীয় জয়ের পর দুর্ঘটনার শিকার হন ৩৬ বছর বয়সী এই মিডফিল্ডার। ম্যাচ শেষে সমর্থকদের সঙ্গে উদযাপন করতে গিয়ে বিজ্ঞাপনী বোর্ড টপকানোর সময় পা পিছলে পড়ে গিয়ে বাঁ হাতের কবজিতে গুরুতর চোট পান তিনি।

ঘটনার পর দ্রুত মাঠে ছুটে আসেন দলের চিকিৎসক ও সতীর্থরা। প্রাথমিক চিকিৎসা শেষে স্ট্রেচারে করে মাঠ থেকে বের করে তাকে মেক্সিকো সিটির একটি হাসপাতালে নেওয়া হয়। স্থানীয় গণমাধ্যমের খবর, তার চোট গুরুতর এবং অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে।

যদিও ইংল্যান্ড ফুটবল কর্তৃপক্ষ এখনও তার ফেরার নির্দিষ্ট সময় জানায়নি, তবে একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বিশ্বকাপে আর মাঠে নামা হচ্ছে না হেন্ডারসনের।

বিশ্বকাপে মাঠে খুব বেশি সময় না খেললেও ইংল্যান্ড দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন অভিজ্ঞ এই ফুটবলার। মেক্সিকোর বিপক্ষে বদলি হিসেবে নেমে ছয় মিনিট খেলেছিলেন তিনি। মাঠের বাইরে তরুণ খেলোয়াড়দের দিকনির্দেশনা এবং ড্রেসিংরুমে নেতৃত্বের জন্যও তাকে দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে বিবেচনা করা হচ্ছিল।

এদিকে কোয়ার্টার ফাইনালের প্রস্তুতির জন্য ইংল্যান্ড দল ইতোমধ্যে কানসাস সিটিতে ফিরে গেলেও চিকিৎসার জন্য মেক্সিকোতেই অবস্থান করছেন হেন্ডারসন। তার সঙ্গে রয়েছেন দলের একজন সাপোর্ট স্টাফ।

আগামী ১১ জুলাই মায়ামিতে কোয়ার্টার ফাইনালে আর্লিং হালান্ডের নরওয়ের মুখোমুখি হবে ইংল্যান্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights