কোয়ার্টার ফাইনাল অনিশ্চিত বেলজিয়ান মিডফিল্ডারের

স্পোর্টস ডেস্ক
যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে বেলজিয়াম। তবে দাপুটে এই জয়ের মাঝেও বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে মিডফিল্ডার আমাদু ওনানার চোট।

ম্যাচের ১৯তম মিনিটে যুক্তরাষ্ট্রের অধিনায়ক ক্রিস্টিয়ান পুলিসিককে ট্যাকল করতে গিয়ে ডান হাঁটুতে আঘাত পান ওনানা। ব্যথায় কাতর হয়ে মাঠে পড়ে যান তিনি। কিছুক্ষণ খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত ২১তম মিনিটেই তাকে মাঠ ছাড়তে হয়।

ওনানার পরিবর্তে মাঠে নামেন হান্স ভানাকেন। বদলি হিসেবে নেমেই দলের তৃতীয় গোলটি করে বেলজিয়ামের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি।

ম্যাচ শেষে বেলজিয়াম কোচ হুডি গাহসিয়া জানান, ওনানার চোট গুরুতর হতে পারে। তিনি বলেন,’ব্যক্তিগতভাবে তার জন্য এবং দল হিসেবে আমাদের জন্যও এটি ভালো খবর নয়। আমার মনে হচ্ছে, সে পরের ম্যাচগুলোতে খেলতে পারবে না।’

সিয়াটলে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে বেলজিয়ামের দাপুটে পারফরম্যান্সে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ওনানার। যুক্তরাষ্ট্রের আক্রমণ ভেঙে দেওয়া থেকে শুরু করে দলের হাই-প্রেসিং কৌশল বাস্তবায়নে ছিলেন অন্যতম ভরসা।

ম্যাচ শেষে সতীর্থদের সঙ্গে উদযাপনের সময় ওনানাকে ক্রাচে ভর দিয়ে হাঁটতে দেখা যায়। তার ডান হাঁটুতে ব্যান্ডেজ বাঁধা ছিল, যা চোটের গুরুতর হওয়ার আশঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে।

কোয়ার্টার ফাইনালের আগে দলের অন্যতম গুরুত্বপূর্ণ মিডফিল্ডারকে হারানোর শঙ্কা তাই বেলজিয়ামের জন্য বড় ধাক্কা হয়ে দেখা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights