লক্ষ্মীপুরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর সদর উপজেলায় পোষা পাখি মারা যাওয়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের বিরোধের জেরে ছুরিকাঘাতে আল-আমিন (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত তার ছোট ভাই বাবু (১০)।

বুধবার বিকেলে উপজেলার পার্বতীনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দিলশাদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আল-আমিন ওই গ্রামের জাফর আহমেদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাবুর পোষা একটি পাখি বুধবার সকালে একটি বিড়াল মেরে ফেলে। এ ঘটনায় সে কান্নাকাটি করছিল। কান্না থামাতে বলাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বড় ভাই আল-আমিন ছোট ভাইকে মারধর করলে বাবু ঘর থেকে একটি ছুরি এনে আল-আমিনের বুকে আঘাত করে।

গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা আল-আমিনকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পার্বতীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াহিদুর রহমান বলেন, ঘটনাটি শুনেছি। বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। পুলিশ ঘটনাস্থলে গেছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights