চাঁদা না পেয়ে নির্মাণকাজ বন্ধ করার অভিযোগ ‘জামায়াত নেতার’ বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক, রংপুর
রংপুরের পীরগঞ্জে জায়গা দখল ও চাঁদা দাবিতে এক ব্যক্তির নির্মাণাধীন স্থাপনার কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী আমিনুল ইসলাম জীবনের নিরাপত্তা চেয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানিয়েছেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পীরগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমিনুল ইসলাম নিজ সম্পত্তিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ করছিলেন। কিন্তু গত ৬ জুলাই শানেরহাট ইউনিয়নের ছোট পাহাড়পুরের বাসিন্দা আব্দুল বাতেন মিয়া, বাদল মিয়াসহ আরও ১০ থেকে ১১ জনকে নিয়ে নির্মাণাধীন কাজে বাধা দেন। একই সঙ্গে আমিনুলের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, বাতেন মিয়া শানেরহাট ইউনিয়ন জামায়াতের একজন নেতা। চাঁদার টাকা দিতে অস্বীকার করলে অভিযুক্তরা আমিনুল ইসলামসহ তার পরিবারের সদস্যদের গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকি দিয়েছে। ফলে বর্তমানে নির্মাণকাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছেন তিনি।

ভুক্তভোগী আমিনুল ইসলাম বলেন, ‘আমি বৈধভাবে আমার সম্পত্তির মালিক এবং সেখানে প্রাচীর নির্মাণ করছিলাম। কিন্তু তারা অস্ত্রের ভয় দেখিয়ে ও গালিগালাজ করে নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।’

আব্দুল বাতেন নিজেকে জামায়াতে ইসলামীর একজন কর্মী বলে দাবি করেছেন। সেই সঙ্গে তিনি চাঁদা দাবির বিষয়টিও অস্বীকার করেন। তিনি বলেন, ভাই-বোনের জমি নিয়ে বিরোধ মিটাতে আমরা সালিশে গিয়েছিলাম। আমিনুল আমাদের সঙ্গে রাগারাগি করে। তাই আমিও রাগারাগি করি। বর্তমানে নির্মাণ কাজ বন্ধ রয়েছে।’

এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি নজমুল হক বলেন, এই মূহুর্ত্তে অভিযোগের বিষয়টি মনে করতে পারছি না। অভিযোগ দিয়ে থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights