হবিগঞ্জে বাড়ছে নদ-নদীর পানি

হবিগঞ্জ প্রতিনিধি:

টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হবিগঞ্জের নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। জেলার খোয়াই নদীর চুনারুঘাটের বাল্লা পয়েন্টে পানি বিপদসীমার ২২০ সেন্টিমিটার এবং মাছুলিয়া পয়েন্টে ১১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া কুশিয়ারা নদীর কয়েকটি পয়েন্টেও পানি বিপদসীমা অতিক্রম করেছে।

এদিকে, খোয়াই নদীর বিভিন্ন স্থানে বাঁধে ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে। সদর উপজেলার তেঘড়িয়া ইউনিয়নের ভাদৈ ব্রিজ সংলগ্ন এলাকায় স্থানীয় বাসিন্দারা বাঁধ রক্ষায় কাজ করছেন। তারা বাঁশ দিয়ে অস্থায়ীভাবে বাঁধ টিকিয়ে রাখার চেষ্টা করছেন।

এলাকাবাসীর অভিযোগ, সময়মতো প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ায় পানি উন্নয়ন বোর্ডের গাফিলতির কারণে ভাঙনের ঝুঁকি বেড়েছে। এছাড়াও বানিয়াচং উপজেলার রাধাপুর নামকস্থানে বাঁধ উপছে লোকালয়ে পানি প্রবেশ করছে।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার নিম্নাঞ্চলে জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড।

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সায়েদুর রহমান বলেন, বৃষ্টিপাত অব্যাহত থাকলে পানি বৃদ্ধি পাবে। এছাড়াও ঝুকিপূর্ণ বাঁধগুলোর সার্বক্ষণিক খোঁজখবর রাখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights