বিশ্বকাপ জিতলেই জাতীয় ছুটি ঘোষণা হতে পারে ইংল্যান্ডে
অনলাইন ডেস্ক
দীর্ঘ ৬০ বছরের অপেক্ষা শেষে যদি ইংল্যান্ড বিশ্বকাপ জিততে পারে, তবে দেশজুড়ে উদ্যাপনের জন্য একটি জাতীয় ছুটি ঘোষণা করা হতে পারে। এমন পরিকল্পনাই করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ইংল্যান্ড বিশ্বকাপ জিতলে সরকার একটি অতিরিক্ত সরকারি ছুটি ঘোষণা করবে। সম্ভাব্য তারিখ হিসেবে বিবেচনা করা হচ্ছে ২৪ জুলাই, যাতে দলটি দেশে ফিরে বিজয় মিছিল ও উদ্যাপনের জন্য পর্যাপ্ত সময় পায়।
তবে এখনই আনুষ্ঠানিক ঘোষণা দিতে চাননি স্টারমার। তিনি বলেন, ‘আমি এখনই কিছু বলতে চাই না, এতে যেন দলের ভাগ্যে অমঙ্গল না ডেকে আনি। যদি আমরা ফাইনালে উঠি, তখন আবার আমাকে এ বিষয়ে জিজ্ঞেস করবেন।’
সরকারি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ইংল্যান্ড শিরোপা জিতলেই ছুটির ঘোষণা দেওয়ার প্রস্তুতি রয়েছে।
আগামী ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা। ইংল্যান্ড চ্যাম্পিয়ন হলে দলটি দেশে ফেরার পর লন্ডনের রাস্তায় খোলা ছাদের বাসে বিজয় শোভাযাত্রার আয়োজন করা হবে।
এদিকে কোয়ার্টার ফাইনালে নরওয়ের মুখোমুখি হবে ইংল্যান্ড। সেই ম্যাচ জিততে পারলে সেমিফাইনালে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।
