গুগলে হালান্ডের নাম লিখতেই যা দেখা যাচ্ছে, অবাক ফুটবল ভক্তরা

অনলাইন ডেস্ক
২০২৬ ফিফা বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ডকে বিশেষ সম্মান জানিয়েছে গুগল। বৃহস্পতিবার ৯ জুলাই গুগলে ‘Erling Haaland’ বা ‘আর্লিং হালান্ড’ লিখে সার্চ করলেই দেখা যাচ্ছে একটি বিশেষ অ্যানিমেশন।

সার্চ ফলাফলের নিচের দিকে ভাইকিংদের পোশাক পরা কয়েকজনকে ঐতিহ্যবাহী নৌকায় দাঁড় বেয়ে স্ক্রিন অতিক্রম করতে দেখা যায়। নরওয়ের ঐতিহ্যবাহী ভাইকিং সংস্কৃতি এবং বিশ্বকাপে হালান্ডের অসাধারণ পারফরম্যান্সকে তুলে ধরতেই গুগলের এই বিশেষ আয়োজন।

গুগলের এই সম্মাননায় উচ্ছ্বসিত হালান্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের নিজের নাম গুগলে সার্চ করার আহ্বান জানিয়েছেন। এক পোস্টে তিনি লিখেছেন, ‘আজ অন্তত একটি কাজ করুন। গুগলে আমার নামটা সার্চ করুন।’

শুধু মূল সার্চ ফলেই নয়, হালান্ডকে নিয়ে প্রকাশিত বিভিন্ন সংবাদ পড়ার সময়ও স্ক্রিনের নিচে ভাইকিং নৌকার সেই অ্যানিমেশন দেখা যাচ্ছে।

চলতি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছেন হালান্ড। চার ম্যাচে সাত গোল করে তিনি গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে অবস্থান করছেন।

শেষ ষোলোতে ব্রাজিলের বিপক্ষে জোড়া গোল করে নরওয়েকে ২-১ ব্যবধানে জয় এনে দেন এই গোলমেশিন। তার নৈপুণ্যে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল টুর্নামেন্ট থেকে বিদায় নেয় এবং শেষ হয়ে যায় তাদের ষষ্ঠ শিরোপা জয়ের স্বপ্ন।

এদিকে বিশ্বকাপ চলাকালে নরওয়ের সমর্থকদের ‘ভাইকিং রোয়িং’ উদযাপনও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। প্রাচীন ভাইকিং ঐতিহ্য থেকে অনুপ্রাণিত এই উদযাপনে সমর্থকদের দাঁড় টানার ভঙ্গি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। মেট্রো স্টেশন, সড়ক, বার এবং বিভিন্ন জনসমাগমস্থলেও এই অভিনব উদযাপন বিশ্বকাপের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights