হরমুজ এড়িয়ে তেল পরিবহনের বিকল্প পথ খুঁজছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
হরমুজ প্রণালি নিয়ে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। সম্প্রতি হরমুজে কয়েকটি জাহাজে হামলা চালায় ইরান। এর জবাবে ইরানে ব্যাপক বোমাবর্ষণ করেছে যুক্তরাষ্ট্র। এই সংঘাতপূর্ণ অবস্থায় যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি এড়িয়ে তেল রপ্তানির একটি নতুন ও নিরাপদ পথ খুঁজছে।

এই লক্ষ্যে একটি পুরোনো পাইপলাইন নতুন করে চালুর পরিকল্পনা চলছে। এটি ইরাকের উত্তরের শহর কিরকুক থেকে সিরিয়ার বানিয়াস পর্যন্ত যাবে। সংবাদমাধ্যম ‘মিডল ইস্ট আই’ জানিয়েছে, এই কাজে ইরাক ও সিরিয়াকে সাহায্য করছে যুক্তরাষ্ট্র।

প্রায় ৮০০ কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইন কয়েক দশক ধরে বন্ধ আছে। এটি বেশ ক্ষতিগ্রস্তও বটে। এক কর্মকর্তা জানান, পাইপলাইনটি সম্ভবত পুরোপুরি নতুন করে বসাতে হবে। এতে দুই থেকে তিন বছর সময় লাগতে পারে। যুক্তরাষ্ট্রের কয়েকটি কোম্পানিকে এরই মধ্যে এই কাজের জন্য বেছে নেওয়া হয়েছে। আগামী সপ্তাহে হোয়াইট হাউসে একটি বৈঠক হবে। সেখানে ইরাকের প্রধানমন্ত্রী আলি আল-জাইদি এবং ট্রাম্প এই চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, উত্তেজনার মধ্যেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ওমান সফরে গেছেন। রাজধানী মাসকাটে তিনি ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাইদির সঙ্গে বৈঠক করেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সমঝোতা অনুযায়ী, হরমুজ প্রণালি দিয়ে কীভাবে নিরাপদে জাহাজ চলাচল করতে পারে, মূলত সেই বিষয়টি নিয়েই তারা আলোচনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights