অবৈধ অনুপ্রবেশকালে দিনাজপুর সীমান্তে ৪ জনকে আটকে দিল বিজিবি
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের সদর উপজেলার দাইনুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় এক নারীসহ চারজনকে শূন্যরেখায় ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান করা হয় এবং বৈঠক হলেও তা সমাধান হয়নি। শনিবার সন্ধ্যায়ও তারা সীমান্তের শূন্যরেখায় ছিলেন।
বিজিবি জানায়, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে দিনাজপুর সদর উপজেলার কমলপুর ইউনিয়নের আকিরাপুর দাইনুর সীমান্তের ৩১৫ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে এক নারীসহ চারজন বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন। এ সময় বিজিবি বিষয়টি দেখতে পেয়ে তাদেরকে বাধা দেয়। ফলে তারা আর বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারেননি। বর্তমানে তাদের দাইনুর বিওপির শূন্যরেখায় রাখা হয়েছে। তাদের মধ্যে একজন নারী ও তিনজন পুরুষ।
এ ব্যাপারে ফুলবাড়ী ২৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের কাছে পত্র পাঠানো হয় এবং পরে বৈঠক হলেও বিএসএফ তা রিফিউজ করেছে। আবারও কথা বলার চেষ্টা করছি। ওই চারজন বর্তমানে শূন্যরেখায় অবস্থান করছেন।
