ফাঁদে আটকে পড়া সেই বাঘিনী যেভাবে ফিরল সুন্দরবনে

মোংলা প্রতিনিধি

ছয় মাসের চিকিৎসা ও পরিচর্যার পর নিজের আবাস সুন্দরবনে ফিরে গেল ফাঁদে আটকে পড়া সেই বাঘিনী। রবিবার দুপুরে সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক এলাকায় তাকে অবমুক্ত করে বনবিভাগ।

বাঘটি অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম, বনবিভাগের (বন অধিদপ্তর) প্রধান বন সংরক্ষক মো. আমির হোসাইন চৌধুরীসহ অন্যরা।

বনবিভাগ জানায়, গত ৪ জানুয়ারি মোংলার সুন্দরবনের বৈদ্যমারী ফরেস্ট ক্যাম্প সংলগ্ন শড়কির খাল এলাকা থেকে বাঘটিকে উদ্ধার করা হয়। উদ্ধারের ৪ থেকে ৫ দিন আগে চোরা শিকারিদের পাতা ফাঁদে আটকা পড়ে সে। যে কারণে সামনের বাম পায়ে মারাত্মক ক্ষতের সৃষ্টি হয়। এতে অসুস্থ ও দুর্বল হয়ে পড়ে। পরে ঢাকা থেকে বনবিভাগের বিশেষজ্ঞ দল এসে ট্যাংকুলাইজারের মাধ্যমে অচেতন করে খুলনায় নিয়ে যায়। খুলনায় বনবিভাগের বন্যপ্রাণী উদ্ধার কেন্দ্রে ৬ মাস রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়।

সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী জানান, বাঘটিকে যে এলাকায় অবমুক্ত করা হয়েছে সেখানে ১৯টি এবং যেখান থেকে তাকে উদ্ধার করা হয়েছিল সেখানে একটি ইনফ্রারেড ক্যামেরা স্থাপন করা হয়েছে। তার গতিবিধি পর্যবেক্ষণে বনের ২০ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে ক্যামেরাগুলো বসানো হয়েছে। এ গুলোর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে প্রথম ১০ সেকেন্ড ভিডিও এবং পরের ১০ সেকেন্ড স্থিরচিত্র ধারণ করা হবে।

তিনি আরো বলেন, একটি বাঘ সাধারণত বনের অভ্যন্তরের ৩০ থেকে ৪০ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে বিচরণ করে। অবমুক্ত করা বাঘটি পূর্বের এলাকায় ফিরে আসে কি না সেটিও পর্যবেক্ষণে রাখা হবে। তাকে উদ্ধার করা স্থান থেকে অন্তত ২০-২৫ কিলোমিটার দূরে ছাড়া হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, বাঘিনীটির বয়স ৯ থেকে ১০ বছর। লম্বা প্রায় ৮ ফুট। আহত কোনো রয়েল বেঙ্গল টাইগারকে চিকিৎসা দিয়ে সুস্থ করে পুনরায় সুন্দরবনে অবমুক্ত করার ঘটনা এটাই প্রথম।

বাঘটি ছাড়ার সময় আরও উপস্থিত ছিলেন বনবিভাগের ঢাকা ওয়াইল্ড লাইফের বন সংরক্ষক সানাউল্লাহ পাটোয়ারী, বনবিভাগের খুলনা সার্কেলের বন সংরক্ষক ইমরান আহমেদ, সুন্দরবন পশ্চিম বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাসানুর রহমান, সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী, বনবিভাগের খুলনা ওয়াইল্ড লাইফের বিভাগীয় বন কর্মকর্তা নির্মল কুমার পালসহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights