বিশ্বনাথে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত হয়েছে।

এ উপলক্ষে রবিবার (১২ জুলাই) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাহিমা আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. কামরুল ইসলাম এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বদরুন নাহার।

আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবার পরিকল্পনা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা, দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। একই সঙ্গে জনসংখ্যা নিয়ন্ত্রণ, নিরাপদ মাতৃত্ব নিশ্চিতকরণ এবং পরিবার কল্যাণ কার্যক্রমকে আরও কার্যকর ও জনমুখী করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

সভা শেষে পরিবার পরিকল্পনা, মা ও শিশুস্বাস্থ্য এবং কৈশোরকালীন স্বাস্থ্যসেবা কার্যক্রমে বিশেষ অবদান রাখায় লামাকাজী ইউনিয়নের পরিবার কল্যাণ সহকারী আইভি ধর, পরিবার পরিকল্পনা উপপরিদর্শক এম. শামসুজ্জামান শিলন এবং অলংকারী ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শিকা জ্যোতি দাস মর্মীকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।

এ সময় পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, সুধীজন এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights