ফটিকছড়িতে বন্যার্ত ২০০ পরিবারের মাঝে ত্রাণ ও নগদ সহায়তা
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় শত শত পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। অনেক এলাকায় দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট।
এমন দুর্যোগের মধ্যে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। রবিবার (১২ জুলাই) বিকেলে উপজেলার লেলাং ইউনিয়নের ২০০টি বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া হয়। পাশাপাশি কমিউনিটি নেতা মাহাবুবুল আলমের ব্যক্তিগত উদ্যোগে প্রতিটি পরিবারকে ২০০ টাকা করে নগদ সহায়তা প্রদান করা হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী সমাজসেবা কর্মকর্তা আমিন উল্লাহ, লেলাং ইউনিয়ন বিএনপির সভাপতি সরোয়ার হোসেন, কমিউনিটি নেতা নেছারুল হক, ইউপি সদস্য ইউনুচ, ডা. হোসেন, মোহাম্মদ ফরিদ, মোহাম্মদ মানিক, বিপ্লব ভাণ্ডারীসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অসহায় মানুষের জন্য এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাসও দেওয়া হয়।
