রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল সাবেক ব্যাংক কর্মকর্তার

অনলাইন ডেস্ক

রাজধানীর শনির আখড়া এলাকায় জলাবদ্ধ পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রেজাউল করিম (৬২) নামে বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত অতিরিক্ত পরিচালকের মৃত্যু হয়েছে।

রবিবার (১২ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে শনির আখড়ার ছাপড়া মসজিদের পেছনে ব্যাংক কলোনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে রাত ১২টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃতের আত্মীয় এ কে এম আব্দুল্লাহি বাকি জানান, প্রায় দেড় বছর আগে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের পদ থেকে অবসর নেন রেজাউল করিম। তিনি দুই সন্তানের বাবা এবং শনির আখড়ায় নিজস্ব তিনতলা বাড়িতে পরিবারের সঙ্গে বসবাস করতেন।

তিনি জানান, টানা বৃষ্টিতে বাড়ির নিচতলায় পানি জমে যায়। রাতে এশার নামাজের পর জমে থাকা পানির মধ্যে দাঁড়িয়ে মোটরের সুইচ চালু করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন রেজাউল করিম। পরে স্বজনরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেন। সেখান থেকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

উল্লেখ্য, কয়েক দিনের টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে। রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত একটানা বৃষ্টিতে ঢাকার বিভিন্ন অলিগলি, সড়ক ও আবাসিক এলাকায় হাঁটু থেকে কোমর সমান পানি জমে যায়। অনেক বাসাবাড়ি ও দোকানের নিচতলায় পানি ঢুকে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights