বন্যা পরিস্থিতির অবনতি: গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়ে নতুন সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক
দক্ষিণ-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতির কারণে গুচ্ছভুক্ত (জিএসটি) বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক শ্রেণির চূড়ান্ত ভর্তি কার্যক্রমের সময়সীমা বাড়ানো হয়েছে।

রবিবার (১২ জুলাই) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি বিষয়ক কোর কমিটির সদস্য সচিব ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হকের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২ জুলাই অনুষ্ঠিত কোর কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী চূড়ান্ত ভর্তি কার্যক্রম আগামী ১৬ জুলাই পর্যন্ত চলবে। তবে পূর্বঘোষিত সূচি অনুযায়ী ১৫ জুলাই থেকেই অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হবে।

তবে বন্যা পরিস্থিতির কারণে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ক্লাস শুরুর বিষয়ে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজ নিজ পরিস্থিতি বিবেচনায় পৃথকভাবে সিদ্ধান্ত নেবে।

কোর কমিটি জানিয়েছে, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে চলমান বন্যার কারণে শিক্ষার্থীদের ভোগান্তি কমানো এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো হলো- ইসলামী বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নওগাঁ বিশ্ববিদ্যালয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights