ইংল্যান্ড টেস্ট দলের দায়িত্ব হারালেন ম্যাককালাম, নতুন কোচ কে?
অনলাইন ডেস্ক
যার হাত ধরে শুরু হয়েছিল বাজবল, সেই ব্রেন্ডন ম্যাককালাম যুগের ইতি ঘটল ইংল্যান্ডের ক্রিকেটে। নিউজিল্যান্ডের এই কিংবদন্তি ইংল্যান্ড টেস্ট দলের দায়িত্ব হারিয়েছেন। তার বদলি হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে অ্যান্ডি ফ্লাওয়ারকে।
ইংল্যান্ডের কোনো গণমাধ্যম দাবি করেছে ম্যাককালাম স্বেচ্ছায় চাকরি ছেড়েছেন, কোনো গণমাধ্যমের দাবি তাকে বরখাস্ত করা হয়েছে। তবে সব জায়গায়ই নিশ্চিত করা হয়েছে- টেস্টের দায়িত্বে আর না থাকলেও সাদা বলে তিনিই দায়িত্ব পালন করে যাবেন। পাকাপাকিভাবে দায়িত্ব পেয়ে গেলে ফ্লাওয়ার সামলাবেন লাল বলের দলকে।
মাসখানেক পর ইংল্যান্ডের পরবর্তী টেস্ট সিরিজ, পাকিস্তানের বিপক্ষে। তার আগে নতুন অধিনায়কও নিয়োগ দিতে হবে ইসিবিকে, কারণ সম্প্রতি দলের অধিনায়ক বেন স্টোকসও অবসর গ্রহণ করেছেন।
ম্যাককালাম নতুন মিশন নিয়ে বলেছেন, ‘টেস্ট দলের কোচ হিসেবে কাজ করতে আমি ভীষণ উপভোগ করেছি এবং আমরা একসঙ্গে যা অর্জন করেছি, তা নিয়ে আমি অত্যন্ত গর্বিত। এই যাত্রায় কিছু অবিশ্বাস্য সাফল্যের মুহূর্ত ছিল, আবার কিছু কঠিন দিনও এসেছে। তবে এমন একটি চ্যালেঞ্জ গ্রহণ করলে এগুলোই স্বাভাবিক। এই দায়িত্ব পালন করা আমার জন্য ছিল এক বিরাট সৌভাগ্য ও সম্মানের বিষয়।’
‘আমি কৃতজ্ঞ খেলোয়াড়দের প্রতি, কোচিং স্টাফের প্রতি এবং সেই সমর্থকদের প্রতি, যারা পুরো পথজুড়ে আমাদের পাশে ছিলেন। অবশ্যই টেস্ট দলের কোচ হিসেবে আর চালিয়ে যেতে না পারায় আমি ভীষণ হতাশ। তবে আমি এই সিদ্ধান্তকে সম্মান করি।’
সাদা বলের দল নিয়েই এখন সব ভাবনা- জানিয়ে তিনি বলেছেন, ‘এখন আমার পুরো মনোযোগ থাকবে সাদা বলের (ওয়ানডে ও টি-টোয়েন্টি) দলগুলোর দিকে। আমার সর্বোচ্চটা দিয়ে ইংল্যান্ড ক্রিকেটকে আরও এগিয়ে নিতে সাহায্য করাই হবে লক্ষ্য। টেস্ট দলের জন্য আমার আন্তরিক শুভকামনা রইল। সেই ড্রেসিংরুমে অসাধারণ প্রতিভার কোনো অভাব নেই, আর ছেলেগুলো সত্যিই দারুণ একটি দল। আমি সবসময় হাসিমুখে তাদের সমর্থন করে যাব এবং আশা করব তারা একই সাহসী মানসিকতায় ক্রিকেট খেলতে থাকবে। আমি জানি, তারা ভবিষ্যতেও সবাইকে গর্বিত করবে।’
