বান্দরবানে বন্যার পানি নামছে, বেরিয়ে আসছে ক্ষত

বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানে রবিবার ও সোমবার বৃষ্টিপাত না হওয়ায় জেলার নিম্নাঞ্চল ও সড়ক থেকে বন্যার পানি নেমে গেছে। সরেজমিন ঘুরে দেখা যায়, পৌর এলাকার আর্মিপাড়া, ভরাখালী, ইসলামপুর, মেম্বারপাড়া, ক্যাচিংপাড়া, হাফেজঘোনা, বালাঘাটা ও কালাঘাটাসহ কয়েকটি নিম্নাঞ্চল থেকে পানি নেমে গেছে। তবে সেসব এলাকায় জমে থাকা কাঁদামাটি নিজ নিজ উদ্যোগে সরাচ্ছে এলাকাবাসী।

আশ্রয়কেন্দ্র ছাড়াও বন্যা কবলিত এলাকায় গিয়ে সংসদ সদস্য সাচিং প্রু জেরীর নেতৃত্বে পৌর এলাকার সাড়ে ৮ হাজার বানভাসী মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। এছাড়া প্রশাসন, সেনাবাহিনী ও বিজিবিসহ বিভিন্ন সরকারি ও সামাজিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে ত্রানসামগ্রী দেয়া হয়েছে।

শহরের হাফেজঘোনার বাসিন্দা মো. ফোরকান জানান, তার বসতঘরে ৬ ফুট পর্যন্ত পানি উঠেছে। ঘরের জিনিসপত্র প্রতিবেশির বাসায় রাখার কারণে ২০২৩ সালের বন্যার তুলনায় এবারে ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সোমবার সাঙ্গু ও মাতামুহুরী নদীতে বিপদসীমার অনেকটা নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

এদিকে বান্দরবান-কেরানিহাট সড়কে পাহাড়ি ঢলে আসা পানি নেমে যাওয়ায় সোমবার সকাল থেকে যান চলাচল স্বাভাবিক হয়েছে। অন্যদিকে বান্দরবানের সাথে রুমা ও রোয়াংছড়ির সড়ক যোগাযোগ এখনো পুরোপুরি চালু হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights