শ্রীপুরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী গ্রেফতার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে দুই শিশু সন্তানের সামনে পোশাক শ্রমিক স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি স্বামী সাইদুল ইসলামকে (৪০) গ্রেফতার করেছে র‌্যাব-১।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ১২টায় র‌্যাব-১ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার সাইদুল ইসলাম ময়মনসিংহের তারাকান্দা থানার গিদাপাড়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টায় গাজীপুর মহানগরীর বাসন থানাধীন ভোগড়া বাইপাস এলাকার হামিম টাওয়ারের নিচে কেনাকাটা গলির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

ভিকটিম পোশাক শ্রমিক নাসিমা আক্তার (২৭) নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার খৈলাসপুর (বনপাড়া) গ্রামের আব্দুল মান্নানের মেয়ে। তিনি তার আট বছরের মেয়ে সামিয়া এবং পাঁচ বছরের ছেলে জিসানকে নিয়ে শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ী (লিচু বাগান) এলাকার মজনুর বাড়ীতে ভাড়া থেকে স্থানীয় ওয়ানটেক্স পোশাক কারখানায় চাকরি করতেন।

র‌্যাব কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম জানান, সাইদুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। নিয়মিত নেশার টাকার জন্য তার স্ত্রী নাসিমা আক্তারের কাছে টাকা দাবি করতেন। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই পারিবারিক কলহ লেগেই থাকত। গত ১২ জুলাই (রবিবার) নাসিমা পোশাক কারখানা থেকে বেতন পেয়ে বাসায় ফেরেন। রাতে সাইদুল তার স্ত্রীর কাছে তিন হাজার টাকা দাবি করেন। নাসিমা টাকা দিতে অস্বীকৃতি জানালে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সাইদুল তাদের দুই শিশু সন্তানের সামনে ধারালো ছুরি দিয়ে স্ত্রীকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই নাসিমার মৃত্যু হয়। ঘটনার পর সে আত্মগোপনে চলে যায়। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে বাসন থানাধীন হামিম টাওয়ারের নিচ থেকে আসামী স্বামী সাইদুল ইসলামকে গ্রেফতার করে।

শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা জানান, মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে স্ত্রীকে হত্যা মামলায় গ্রেফতার স্বামী সাইদুল ইসলামকে গাজীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights