ক্রোয়েশিয়ার নতুন কোচ স্লাভেন বিলিচ

স্পোর্টস ডেস্ক

ফিফা বিশ্বকাপে পর্তুগালের কাছে হারের পর ক্রোয়েশিয়া জাতীয় দলের কোচের পদ ছেড়েছেন জ্লাতকো দালিচ। তাঁর বিদায়ের পর নতুন কোচ হিসেবে পুরোনো মুখ স্লাভেন বিলিচকে নিয়োগ দিয়েছে ক্রোয়েশিয়ান ফুটবল ফেডারেশন।

এর আগে ২০০৬ থেকে ২০১২ সাল পর্যন্ত ছয় বছর ক্রোয়েশিয়া জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেছিলেন বিলিচ। সেই সময়ে ৬৫ ম্যাচে ৪২ জয়, ১৫ ড্র এবং ৮টি হারের রেকর্ড রয়েছে তাঁর। পরিসংখ্যান অনুযায়ী, দালিচের চেয়েও তাঁর জয়ের হার ছিল বেশি।

তবে বিলিচের আগের মেয়াদে ক্রোয়েশিয়ার বড় সাফল্য এসেছিল ২০০৮ সালের ইউরো চ্যাম্পিয়নশিপে। সেবার কোয়ার্টার ফাইনালে উঠেছিল দলটি। তবে শেষ আটের লড়াইয়ে তুরস্কের কাছে পেনাল্টি শুটআউটে হেরে বিদায় নিতে হয় ক্রোয়েশিয়াকে।

জাতীয় দল ছাড়াও ইংলিশ ক্লাব ওয়েস্ট হ্যাম, ওয়েস্ট ব্রোমউইচ অ্যালবিয়ন এবং ওয়াটফোর্ডের মতো ক্লাবে কোচিং করানোর বিশাল অভিজ্ঞতা রয়েছে তার।

ক্রোয়েশিয়ার দায়িত্ব ফিরে পেয়ে আত্মবিশ্বাসী বিলিচ। তিনি বলেন,’২০০৬ সালের তুলনায় এবার আরও পরিপক্ব ও অভিজ্ঞ কোচ হিসেবে এই চ্যালেঞ্জ গ্রহণ করছি। ক্রোয়েশিয়াকে আবারও শক্তিশালী, সাহসী ও সফল দল হিসেবে গড়ে তোলার ইচ্ছা আমার আগের মতোই আছে। আমাদের প্রধান লক্ষ্য ২০২৮ ইউরো চ্যাম্পিয়নশিপে ভালো ফল করা।’

তবে বিলিচের সামনে চ্যালেঞ্জ কম নয়। কারণ জ্লাতকো দালিচের অধীনে ক্রোয়েশিয়া নিজেদের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা সময় কাটিয়েছে। দালিচের নেতৃত্বে ২০১৮ বিশ্বকাপে রানার্সআপ এবং ২০২২ কাতার বিশ্বকাপে সেমিফাইনালে পৌঁছেছিল ক্রোয়েশিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights