তিন ঐতিহাসিক ‘অভিশাপ’ স্পেনের শিরোপা স্বপ্নে জোগাচ্ছে নতুন আশা

অনলাইন ডেস্ক

২০২৬ বিশ্বকাপ এখন শেষ অধ্যায়ে। শিরোপার দৌড়ে টিকে আছে মাত্র তিন দল স্পেন, ইংল্যান্ড ও আর্জেন্টিনা। প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। আর ইতিহাসের তিনটি আলোচিত পরিসংখ্যান বা ‘অভিশাপ’ এখন স্প্যানিশদের শিরোপা জয়ের সম্ভাবনাকে আরও উজ্জ্বল করে তুলছে।

প্রথম ‘অভিশাপ’-এর শিকার হয়েছে ফ্রান্স। বিশ্বকাপের ইতিহাসে বর্তমান ব্যালন ডি’অর জয়ী ফুটবলারকে দলে নিয়ে কোনো দেশ বিশ্বকাপ জিততে পারেনি। এবার ফ্রান্সের অন্যতম ভরসা ছিলেন বর্তমান ব্যালন ডি’অরজয়ী উসমান দেম্বেলে। কিন্তু সেমিফাইনালেই বিদায় নিতে হয়েছে তাদের। ফলে সেই পুরোনো পরিসংখ্যান আবারও অক্ষত থাকল।

দ্বিতীয় ‘অভিশাপ’ অপেক্ষা করছে আর্জেন্টিনার সামনে। বিশ্বকাপ শুরু হওয়ার সময় ফিফা র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে ছিল লিওনেল স্কালোনির দল। কিন্তু র‌্যাঙ্কিং ব্যবস্থা চালু হওয়ার পর থেকে শীর্ষস্থানে থাকা কোনো দল বিশ্বকাপ জিততে পারেনি। ২০২২ সালে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছিল ঠিকই, তবে তখন তারা ছিল র‌্যাঙ্কিংয়ের তিন নম্বরে।

এবার সেই ইতিহাস ভাঙার চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

তৃতীয় পরিসংখ্যানটি ইংল্যান্ডের জন্য। ১৯৩০ সালে বিশ্বকাপ শুরুর পর থেকে কোনো দলই বিদেশি কোচের অধীনে বিশ্বচ্যাম্পিয়ন হতে পারেনি। এবার ইংল্যান্ডের দায়িত্বে আছেন জার্মান কোচ টমাস টুখেল, যিনি ২০২৫ সালের জানুয়ারিতে দলের দায়িত্ব নেন। অর্থাৎ ইংল্যান্ড যদি শিরোপা জিততে চায়, তাহলে তাদেরও ভাঙতে হবে বিশ্বকাপের প্রায় এক শতাব্দীর পুরোনো এই রেকর্ড।

এই তিনটি ঐতিহাসিক পরিসংখ্যানের দিকে তাকালে স্পেনকে কিছুটা এগিয়েই রাখছেন অনেক ফুটবলপ্রেমী। কারণ সম্ভাব্য দুই প্রতিপক্ষ আর্জেন্টিনা ও ইংল্যান্ড—দুই দলই একটি করে দীর্ঘদিনের ‘অভিশাপ’ সঙ্গে নিয়ে মাঠে নামছে।

তবে ফুটবলে ইতিহাস ও পরিসংখ্যান সব সময় শেষ কথা বলে না। অতীতে যেমন অনেক রেকর্ড ভেঙেছে, তেমনি এবারও কোনো দল চাইলে নতুন ইতিহাস লিখতে পারে। তাই শেষ পর্যন্ত বিশ্বকাপ কার হাতে উঠবে, সেটি নির্ধারণ হবে মাঠের লড়াইয়েই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights