এবার রাস্তার ধারের বদঅভ্যাস ঠেকাতে বড় পর্দায় প্রদর্শনের উদ্যোগ!

অনলাইন ডেস্ক
রাস্তার ধারে যেখানে-সেখানে প্রস্রাব, থুতু ফেলা কিংবা পানের পিক ফেলার মতো অস্বাস্থ্যকর অভ্যাস বন্ধে দীর্ঘদিন ধরেই প্রচার, জরিমানা ও বিশেষ অভিযান চালিয়ে আসছে বিভিন্ন কর্তৃপক্ষ। তবে কাঙ্ক্ষিত ফল না মেলায় এবার ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে ভারতের আসাম রাজ্যের তিনসুকিয়া পৌরসভা বোর্ড।

নতুন এই ব্যবস্থার আওতায় শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বড় ডিজিটাল পর্দা বসানো হয়েছে। শহরজুড়ে থাকা সিসিটিভি ক্যামেরায় কেউ রাস্তার ধারে বা দেয়ালের পাশে প্রস্রাব করতে ধরা পড়লে সেই দৃশ্য তাৎক্ষণিকভাবে ওই পর্দায় প্রদর্শন করা হচ্ছে। ফলে ঘটনাটি জনসমক্ষে দৃশ্যমান হয়ে যাচ্ছে।

পৌরসভা এ উদ্যোগের নাম দিয়েছে ‘হল অব শেম’। কর্তৃপক্ষের আশা, প্রকাশ্যে বিব্রত হওয়ার আশঙ্কায় মানুষ এ ধরনের অসচেতন ও অস্বাস্থ্যকর আচরণ থেকে বিরত থাকবে এবং শহরের পরিচ্ছন্নতা রক্ষায় আরও দায়িত্বশীল হবে।

এই উদ্যোগকে অনেকেই অভিনব ও কার্যকর পদক্ষেপ হিসেবে দেখছেন। তাদের মতে, শুধু জরিমানা দিয়েও যখন প্রত্যাশিত পরিবর্তন আনা সম্ভব হয়নি, তখন সামাজিক জবাবদিহি তৈরির এমন উদ্যোগ ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

তবে বিষয়টি নিয়ে সমালোচনাও কম নয়। কিছু নাগরিক ও অধিকারকর্মী ব্যক্তিগত গোপনীয়তা এবং নাগরিক অধিকারের প্রশ্ন তুলেছেন। তাদের মতে, এভাবে জনসমক্ষে ভিডিও প্রদর্শন ব্যক্তির গোপনীয়তার অধিকার লঙ্ঘনের শামিল হতে পারে।

এখন দেখার বিষয়, তিনসুকিয়া পৌরসভার এই ব্যতিক্রমী উদ্যোগ শহরে রাস্তার ধারে এ ধরনের অস্বাস্থ্যকর আচরণ কমাতে কতটা কার্যকর ভূমিকা রাখতে পারে। সূত্র: ইন্ডিয়া টুডে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights