ইউক্রেনের ড্রোন হামলায় নাজেহাল রুশ বাহিনী
অনলাইন ডেস্ক
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার একটি এমআই-২৮ হেলিকপ্টার ভূপাতিত হয়েছে।
বুধবার ইউক্রেনের আনম্যানড সিস্টেম ফোর্সেসের কমান্ডার রবার্ট মাদিয়ার ব্রোভদি এ তথ্য জানান।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনের ৪২৭তম পৃথক মানববিহীন সিস্টেম রেজিমেন্টের সদস্যরা ড্রোনের মাধ্যমে হেলিকপ্টারটিতে হামলা চালায়।
পোস্টের সঙ্গে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, একটি ড্রোন আকাশে উড়ন্ত হেলিকপ্টারটিকে অনুসরণ করছে। এরপর ভিডিওর সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ব্রোভদির দাবি, ড্রোনের সফল আঘাতে এমআই-২৮ হেলিকপ্টারটি মাটিতে বিধ্বস্ত হয়।
তবে ইউক্রেনের এই দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি কিয়েভ ইন্ডিপেনডেন্ট। ড্রোনের মাধ্যমে উড়ন্ত হেলিকপ্টার ভূপাতিত করা কয়েক বছর আগেও প্রায় অকল্পনীয় ছিল। প্রথমবার এমন ঘটনা সামনে আসে ২০২৪ সালের ৬ আগস্ট, যখন ইউক্রেন একটি রুশ এমআই-২৮ হেলিকপ্টার ড্রোন দিয়ে ভূপাতিত করার দাবি করে। ঘটনাটি তখন সামরিক প্রযুক্তির ক্ষেত্রে একটি ঐতিহাসিক নজির হিসেবে আলোচনায় আসে।
এর আগে ২০২৪ সালের ৩১ জুলাইও ইউক্রেনের পক্ষ থেকে আরেকটি রুশ এমআই-৮ পরিবহন হেলিকপ্টার ড্রোন হামলায় ধ্বংসের দাবি করা হয়। সে সময় ফোর্বস রুশ সামরিক ব্লগারদের তথ্যের ভিত্তিতে জানায়, ডোনেটস্কের দখলকৃত আকাশসীমায় হেলিকপ্টারটি ভূপাতিত হয়। তবে ওই ঘটনারও স্বাধীন কোনও দৃশ্যমান প্রমাণ প্রকাশিত হয়নি।
সাম্প্রতিক এই দাবি পুরোপুরি নিশ্চিত হওয়া গেলে, যুদ্ধক্ষেত্রে ড্রোনের সক্ষমতা এবং আকাশযুদ্ধের কৌশলে এটি আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হতে পারে বলে মনে করা হচ্ছে। সূত্র: কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট
