সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে যারা

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের লড়াই মানেই বাড়তি উত্তেজনা, ইতিহাস আর আবেগ। এবার সেই চিরপ্রতিদ্বন্দ্বিতা ফিরছে সেমিফাইনালের মঞ্চে। ম্যাচের আগে দুই দলের অতীত পরিসংখ্যান ও সুপারকম্পিউটারের বিশ্লেষণেও দেখা যাচ্ছে, লড়াই হতে পারে হাড্ডাহাড্ডি।

আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত ১৪ বার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। এর মধ্যে ইংল্যান্ডের জয় ৬টি, আর্জেন্টিনার জয় ২টি এবং বাকি ৬ ম্যাচ শেষ হয়েছে ড্রয়ে। তবে বিশ্বকাপের মঞ্চে দুই দলের লড়াইয়ে রয়েছে নানা স্মরণীয় অধ্যায়।

১৯৯৮ বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে দুই দলের লড়াই ড্র হওয়ার পর টাইব্রেকারে জয় পেয়েছিল আর্জেন্টিনা। আর বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সর্বশেষ ৯০ মিনিটের জয় এসেছিল ১৯৮৬ সালে। সেই ম্যাচে দিয়েগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ ও ‘গোল অব দ্য সেঞ্চুরি’ ফুটবল ইতিহাসে জায়গা করে নেয়।

দুই দলের সর্বশেষ সাক্ষাৎ হয়েছিল ২০০৫ সালের একটি প্রীতি ম্যাচে। সেই ম্যাচে মাইকেল ওভেনের জোড়া গোলে ৩-২ ব্যবধানে জয় পেয়েছিল ইংল্যান্ড।

বিশ্বকাপের ইতিহাসে এটি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের ষষ্ঠ সাক্ষাৎ। আগের পাঁচ ম্যাচে আর্জেন্টিনার রেকর্ড খুব একটা স্বস্তিদায়ক নয়, এক জয়, দুই ড্র ও দুই হার।

তবে বর্তমান শক্তিমত্তার বিচারে ম্যাচটিকে সমানে সমান দেখছে ফুটবল বিশ্লেষণ। অপটার সুপারকম্পিউটার পূর্বাভাস অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটে জয়ের সম্ভাবনায় সামান্য এগিয়ে রয়েছে ইংল্যান্ড।

অপটার হিসাব বলছে, ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা ৩৭.৩ শতাংশ, যেখানে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৩২ শতাংশ। ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা রয়েছে ৩০.৭ শতাংশ।

ফাইনালে ওঠার সম্ভাবনাতেও দুই দলের ব্যবধান খুব কম। পূর্বাভাস অনুযায়ী, ইংল্যান্ডের ফাইনালে পৌঁছানোর সম্ভাবনা ৫২.৩ শতাংশ, আর আর্জেন্টিনার ৪৭.৭ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights