‘ক্ষমতার মোহে শেখ হাসিনা দুর্বৃত্তে পরিণত হয়েছিল
অনলাইন ডেস্ক’
গণতান্ত্রিক উত্তরণ ও শান্তিপূর্ণ সহাবস্থানের পথে আওয়ামী লীগ বড় বাধা বলে মন্তব্য করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. মাহবুব উল্লাহ।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের মতো এত বড় আত্মত্যাগের সুফল আমরা আজও পাইনি। আমাদের মুক্তিযুদ্ধ ছিল প্রতিবেশী রাষ্ট্রের দ্বারা নিয়ন্ত্রিত। মুক্তিযুদ্ধ পরবর্তী গণতন্ত্র ছিল তাদেরই নির্দেশিত। যে কারণে পরবর্তীতে একদলীয় কলংকিত শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল।
শনিবার (৩১ জানুয়ারি) এফডিসিতে ‘ডিবেট ফর ডেমোক্রেসি’র অয়োজনে নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক ড. মাহবুব উল্লাহ বলেন, আওয়ামী লীগের প্রতিহিংসার কারণে নির্বাচনী পরিবেশ ও দেশের শান্তি বিনষ্টের ঝুঁকি রয়েছে। ক্ষমতার মোহে শেখ হাসিনা রাজনৈতিক দুর্বৃত্তে পরিণত হয়েছিল। নির্বাচনে সহিংসতার পেছনে পতিত স্বৈরাচার ও পাশ্ববর্তী রাষ্ট্রের মদদ রয়েছে। তারা আমাদের পরিবর্তন ও নির্বাচন মেনে নিতে পারছে না।
গণতান্ত্রিক ব্যবস্থাকে সমুন্নত রাখতে রাজনিতক গুণগত পরিবর্তন এবং সহিংসতা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, অতীতের যে কোন নির্বাচনের চেয়ে আসন্ন নির্বাচন নিয়ে মানুষের প্রত্যাশা অনেক বেশি। এবারের নির্বাচন ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে নির্বাচন। জুলাই অভ্যুত্থানে শহীদের রক্তের প্রতিশোধের নির্বাচন। ভোটের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং রানার আপ হয় ইডেন মহিলা কলেজ। তৃতীয় স্থান অর্জন করে তেজগাঁও কলেজ। শেষ্ঠ বক্তা হবার গৌরব অর্জন করেন ইডেন মহিলা কলেজের দলনেতা মাসনুন নাবিলাহ আলম।
চ্যাম্পিয়ন দলকে দুই লাখ, রানার আপ দলকে দেড় লাখ টাকা ও তৃতীয় স্থান অর্জনকারী দলকে এক লাখ টাকাসহ ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। এছাড়া শ্রেষ্ঠ বক্তাকে পঞ্চাশ হাজার টাকা ক্রেস্ট, ট্রফি ও সনদপত্র দেওয়া হয়।
প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক আবু মোহাম্মদ রইস, ড. এস এম মোর্শেদ, সাংবাদিক কাজী হাফিজ, সাংবাদিক মাইদুর রহমান রুবেল ও সাংবাদিক আফরিন জাহান। ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে চূড়ান্ত প্রতিযোগিতার বিষয় ছিল “আসন্ন গণভোট ও সংসদ নির্বাচন সুষ্ঠু হলে প্রতিহিংসার রাজনীতির অবসান হবে”।
