চ্যাম্পিয়ন হওয়ার মিশনে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে নিজেদের প্রাথমিক লক্ষ্যপূরণ করেছে বাংলাদেশ। তবে এখানেই থেমে যেতে চান না নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তাররা। বিশ্বকাপ বাছাইয়ে শেষ ম্যাচ জিতে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য তাদের।

নেপালের মুলপানিতে রবিবার সকালে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। এরই মধ্যে নিশ্চিত হয়েছে দুই দলের বিশ্বকাপের মূল পর্বের টিকিট। তাদের ম্যাচটি তাই মূলত বাছাইয়ের চ্যাম্পিয়ন দল ঠিক করার লড়াই।

টি-টোয়েন্টি বিশ্বকাপের এই বাছাইপর্বে এখন পর্যন্ত প্রায় নিখুঁত ক্রিকেট খেলেছে বাংলাদেশের মেয়েরা। গ্রুপ পর্বের চার ম্যাচের পর সুপার সিক্স রাউন্ডেও দুই ম্যাচ জিতেছে তারা। সব মিলিয়ে ৮ পয়েন্ট নিয়ে সুপার সিক্সে সবার ওপরে বাংলাদেশ।

সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে নেদারল্যান্ডস। তাই শেষ ম্যাচে পরাজয় এড়াতে পারলে নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের অপরাজিত চ্যাম্পিয়নশিপ।

ডাচদের মুখোমুখি হওয়ার আগে বিসিবির পাঠানো ভিডিওবার্তায় সেই লক্ষ্যের কথা স্পষ্ট করেই বললেন সহ-অধিনায়ক নাহিদা। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ! আমরা টানা ছয়টা ম্যাচ জয় লাভ করতে পেরেছি। আর আমাদের আরেকটা ম্যাচ আছে। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব জয়ের ধারা বজায় রাখার জন্য এবং চ্যাম্পিয়ন হওয়ার জন্য।’

তিনি আরও বলেন, ‘দল হিসেবে এখন পর্যন্ত আমরা তিনটা ডিপার্টমেন্টেই খুব ভালো করছি। বিশেষ করে ব্যাটাররা খুবই ভালো করছে, খুব ভালো ফর্মে আছে। আশা করছি যে তারা এই ফর্মটা ধরে রাখবে।’

ইংল্যান্ড ও ওয়েলসে আগামী জুন-জুলাইয়ে হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী আসর। বৈশ্বিক ওই টুর্নামেন্টে খেলতে যাওয়ার আগে যথাযথ প্রস্তুতি নেওয়ার ব্যাপারে আশাবাদী নাহিদা।

তিনি বলেন, ‘বিশ্বকাপে যাওয়ার আগে আমাদের চার-পাঁচ মাসের মতো সময় আছে। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যে ওখানে সেরা প্রস্তুতিটা নিয়ে বিশ্বকাপে যাওয়ার জন্য।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights