ধর্মেন্দ্রকে সরিয়ে সোনমকেই ভারতের শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া উচিত : কেজরিওয়াল

অনলাইন ডেস্ক

ভারতের শিক্ষাব্যবস্থা নিয়ে চলমান বিতর্কের মধ্যে লাদাখের শিক্ষাবিদ ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুকের পাশে দাঁড়িয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেছেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। একইসঙ্গে তিনি বলেছেন, ধর্মেন্দ্র প্রধানকে সরিয়ে সোনম ওয়াংচুককেই দেশের শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া উচিত।

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত ২৮ জুন থেকে দিল্লির যন্তর-মন্তরে আমরণ অনশন করছেন সোনম ওয়াংচুক। বৃহস্পতিবার অনশন মঞ্চে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন কেজরিওয়াল।

এ সময় তিনি বলেন, বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দেশের লাখো শিক্ষার্থী ও তরুণ-তরুণীর ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকারকে অবশ্যই তাদের উদ্বেগের কথা গুরুত্বের সঙ্গে শুনতে হবে। তিনি অভিযোগ করেন, প্রতি বছরই প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটছে, অথচ এর খেসারত দিতে হচ্ছে শিক্ষার্থীদের।

অনশনমঞ্চে দাঁড়িয়ে কেজরিওয়াল নিজের রাজনৈতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের কথাও স্মরণ করেন। তিনি বলেন, যন্তর-মন্তরে আসার পর ২০১১ সালের ৪ এপ্রিলের কথা মনে পড়ে গেছে, যখন আন্না হাজারের নেতৃত্বে দুর্নীতিবিরোধী আন্দোলন শুরু হয়েছিল। তার ভাষায়, জনগণের কথা না শোনার কারণেই কয়েক বছরের মধ্যে তৎকালীন সরকার ক্ষমতা হারিয়েছিল।

এদিকে দীর্ঘ ২০ দিনের অনশনে ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। জানা গেছে, তিনি নয় কেজিরও বেশি ওজন হারিয়েছেন। তার রক্তচাপ ও রক্তে শর্করার মাত্রা কমে গেছে, পাশাপাশি ইউরিক অ্যাসিডের পরিমাণও বেড়েছে।

ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতিতে উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন। সংগঠনটির পক্ষ থেকে তাকে অনশন প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে। বৃহস্পতিবার সংগঠনের সভাপতি বিকাশ সিং যন্তর-মন্তরে গিয়ে ওয়াংচুকের হাতে একটি চিঠি তুলে দেন।

চিঠিতে বলা হয়, তার এই আত্মত্যাগ জাতির বিবেককে নাড়া দিয়েছে। তবে দেশের ভেঙে পড়া ব্যবস্থাকে পরিবর্তন করতে তার প্রাণ বিসর্জনের প্রয়োজন নেই। বরং তিনি যেন বেঁচে থেকে নেতৃত্ব দেন এবং পরিবর্তনের সংগ্রাম চালিয়ে যান।

নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে ‘ককরোচ জনতা পার্টি’ দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছে। তাদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে গত ২৮ জুন থেকে আমরণ অনশন শুরু করেন ওয়াংচুক।

আন্দোলনের পরবর্তী কর্মসূচি হিসেবে আগামী ২০ জুলাই সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনে ‘সংসদ চলো’ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। এক ভিডিও বার্তায় সোনম ওয়াংচুক দেশবাসীকে ওই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights