‘এই বিশ্বকাপেই ভিনির আসল রূপ দেখবে বিশ্ব’

স্পোর্টস ডেস্ক

ব্রাজিল তারকা ভিনিসিউস জুনিয়রকে নিয়ে বড় প্রত্যাশা রবার্তো কার্লোসের। ব্রাজিলের বিশ্বকাপজয়ী সাবেক এই ডিফেন্ডারের বিশ্বাস, চলমান বিশ্বকাপেই নিজেকে নতুনভাবে প্রমাণ করবেন ভিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কার্লোস বলেন, ভিনিসিউসকে দায়িত্ব নিতে শিখতে হবে, পাশাপাশি প্রশংসা ও সমালোচনা দুটোকেই গ্রহণ করতে হবে ইতিবাচকভাবে। তার মতে, বিশ্বের অন্যতম বড় ক্লাব রিয়াল মাদ্রিদ এবং শক্তিশালী জাতীয় দল ব্রাজিলের হয়ে খেললে চাপ থাকবেই, সেটি সামলাতে পারাটাই বড় চ্যালেঞ্জ।

ক্লাব ফুটবলে দুর্দান্ত পারফরম্যান্স দেখালেও ব্রাজিলের জার্সিতে এখনও প্রত্যাশা অনুযায়ী নিজেকে মেলে ধরতে পারেননি ভিনিসিউস। বড় আসরে তার প্রভাবও খুব একটা চোখে পড়েনি। ফলে নিয়মিতই সমালোচনার মুখে পড়তে হচ্ছে তাকে।

তবে এসবকে একজন তারকা ফুটবলারের ক্যারিয়ারের স্বাভাবিক অংশ হিসেবেই দেখছেন কার্লোস। তিনি বলেন, ‘সমালোচনা থেকে বাঁচার সুযোগ নেই। বরং এটাকেই শক্তিতে রূপান্তর করতে হবে।’

বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে ম্যাচে ভিনিসিউসের গোলেই ড্র পায় ব্রাজিল। যদিও পুরো ম্যাচে ধারাবাহিকতা ছিল না, তবুও তার পারফরম্যান্সে কিছু ইতিবাচক ঝলক দেখা গেছে।

কার্লোস আরও জানান, ভিনিসিউসের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ রয়েছে এবং তিনি তরুণ এই তারকার আত্মবিশ্বাস ও দৃঢ়তা সম্পর্কে অবগত। তার বিশ্বাস,‘এই বিশ্বকাপেই ভিনি দেখিয়ে দেবে সে আসলে কে।’

ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ খেলা কার্লোস মনে করেন, দলের সাফল্যে ভিনিসিউস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তার মতে, শিরোপা পুনরুদ্ধারের মিশনে এই ফরোয়ার্ডই হতে পারেন ব্রাজিলের অন্যতম বড় ভরসা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights