যুক্তরাষ্ট্রের দাম্ভিকতার যুগ শেষ: ইরানি জেনারেল
অনলাইন ডেস্ক
হরমুজ প্রণালিতে মার্কিন হস্তক্ষেপ কোনোভাবেই বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুলফজল শেখারচি। একই সাথে ইরানের অবকাঠামোতে যেকোনো হামলার দাঁতভাঙা জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
সম্প্রতি এক বিবৃতিতে জেনারেল শেখারচি দাবি করেন, হরমুজ প্রণালির ওপর ইরানের সার্বভৌমত্ব এই অঞ্চলের নিরাপত্তার মূল ভিত্তি, যা কোনোভাবেই অস্থিতিশীলতার কারণ নয়। তেহরান কর্তৃক নির্ধারিত রুটটিই একমাত্র নিরাপদ করিডোর এবং এর বিকল্প যেকোনো পথ অনিরাপদ, যা বাণিজ্যিক জাহাজগুলোকে ঝুঁকির মুখে ফেলবে।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলিদের থাকার কোনো বৈধ অধিকার নেই উল্লেখ করে তিনি হুঁশিয়ারি দেন, ইরানের কোনো অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হলে, মুহূর্তের মধ্যে পুরো অঞ্চলের সব শত্রু অবকাঠামো ইরানি বাহিনীর পাল্টা হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হবে। রামাদান যুদ্ধের সময়কার চেয়ে ইরানের সামরিক সক্ষমতা বর্তমানে বহুগুণ বৃদ্ধি পেয়েছে এবং তেহরান ক্রমাগত তাদের সামরিক শক্তি বাড়িয়ে চলেছে বলেও তিনি উল্লেখ করেন।
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সমঝোতা স্মারক লঙ্ঘনের অভিযোগ এনে এই জেনারেল জানান, যুদ্ধবিরতি ঘোষণার পরদিন থেকেই হরমুজ প্রণালি থেকে মার্কিন ফাইটার জেটগুলো সরিয়ে নেওয়া হয়নি। তবে মার্কিনিদের এই অঞ্চলে আর কোনো হস্তক্ষেপ করতে দেওয়া হবে না বলে তিনি পুনর্ব্যক্ত করেন।
সূত্র: আল মায়াদিন
