লাইভ কনসার্টে হেনস্তার শিকার গায়িকা, নেটপাড়ায় নিন্দার ঝড়

শোবিজ ডেস্ক
জনপ্রিয় পাঞ্জাবি গায়িকা জেসমিন স্যান্ডলাসের সাম্প্রতিক একটি লাইভ কনসার্টকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভারতের দেরাদুনের প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এই কনসার্টটি শেষ হওয়ার পর এক ভক্ত গায়িকার সঙ্গে আপত্তিকর আচরণ করেছেন বলে অভিযোগ উঠেছে।

কনসার্টের একটি ভিডিও ক্লিপ এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ার পর থেকেই ভক্ত ও সাধারণ নেটিজেনদের মাঝে নিন্দার ঝড় বইছে।

সরাসরি অনুষ্ঠানটি দেখতে দেরাদুনের প্যারেড গ্রাউন্ডে বিপুলসংখ্যক দর্শকের সমাগম হয়েছিল। মঞ্চে জেসমিন তার জনপ্রিয় কিছু গান গেয়ে দর্শক মাতান। গান শেষ হওয়ার পর সামনের সারিতে থাকা ভক্তরা যখন হাত বাড়িয়ে ও গোলাপ ফুল দিয়ে তার উদ্দেশ্যে চিৎকার করছিলেন, তখন জেসমিনও হাসিমুখে তাদের অভিবাদন জানাতে এবং ফুল গ্রহণ করতে মঞ্চের একেবারে সামনের দিকে এগিয়ে যান। ঠিক সেই মুহূর্তেই ভিড়ের মধ্য থেকে এক ব্যক্তি গায়িকাকে উদ্দেশ্য করে আপত্তিকরভাবে হাত বাড়ান এবং স্পর্শ করার চেষ্টা করেন।

ভিডিওটি শেয়ার করে এক নেটিজেন লিখেছেন, সামনের সারির দর্শকদের ভালোবাসা ও ফুল গ্রহণ করতে জেসমিন যখন কিছুটা নিচে নেমে আসেন, তখনই কিছু মানুষ নিজেদের মানসিকতার পরিচয় দিয়ে তার সঙ্গে অশালীন আচরণ করেন। জনসাধারণের এই ধরনের অনুষ্ঠানে আচরণবিধি শেখা উচিত এবং তারকাদের প্রতি সম্মান প্রদর্শন করা জরুরি বলেও তিনি উল্লেখ করেন।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে নেটিজেনরা ক্ষোভ প্রকাশ করার পাশাপাশি এ ধরনের গণজমায়েত ও পাবলিক ইভেন্টগুলোতে নারী শিল্পীদের নিরাপত্তা জোরদার করার দাবি তুলেছেন।

এর মাত্র কিছুদিন আগেই গত ১১ জুলাই দিল্লির একটি কনসার্ট চলাকালীন নিজের ব্যক্তিগত জীবনের এক বড় ঘোষণা দিয়ে আলোচনায় এসেছিলেন জেসমিন। সেই অনুষ্ঠানে তিনি তার বাগদত্তা শেখর চৌধুরীকে মঞ্চে ডেকে এনে ভক্তদের সামনে নিজেদের বাগদানের খবর জানান এবং সবাইকে আংটি দেখান। আনন্দের সেই রেশ কাটতে না কাটতেই দেরাদুনের এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি গায়িকার ভক্তদের বেশ মর্মাহত করেছে।

সূত্র: এনডিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights