বগুড়ায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু
বিশেষ প্রতিনিধি, বগুড়া
‘বৃক্ষরোপণে সাজাই দেশ সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে বগুড়া পৌর এ্যাডওয়ার্ড পার্ক চত্বরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সামাজিক বন বিভাগ বগুড়ার আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।
উদ্বোধন শেষে শহীদ টিটু মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বগুড়ার ঐতিহ্যবাহী জিলা স্কুল, বালিকা উচ্চ বিদ্যালয়, সেন্ট্রাল হাইস্কুল, ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকবৃন্দ অংশ নেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সবুজায়নের মাধ্যমে টেকসই উন্নয়নের মাধ্যমে টেকসই বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণ প্রয়োজন। সমৃদ্ধ বাংলাদেশের অন্যতম অনুষঙ্গ গাছ রোপণ ও তার পরিচর্যা। পরিবেশের বায়ুদূষণ, বন্যা, ঝড়, খরতাপ, বজ্রপাত প্রতিরোধে বৃক্ষরোপণ গুরুত্বপূর্ণ প্রভাবক হিসেবে কাজ করে।
সামাজিক বন বিভাগ বগুড়া সূত্রে জানা যায়, এবারের বৃক্ষমেলা চলবে ২১ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত। অতিরিক্ত আরও তিনদিন বর্ধিত মেলার আয়োজন থাকবে বেসরকারিভাবে। সরকারি বনবিভাগ, বিএডিসি, টিএমএসএসসহ বেসরকারি ও ব্যক্তিগত নার্সারি মিলিয়ে মেলায় স্টল রয়েছে মোট ৪০টি। মেলা শেষে দু’টি ক্যাটাগরিতে তিন বিভাগে পুরস্কার প্রদান করা হবে।
বিভাগীয় বন কর্মকর্তা মতলুবুর রহমান বলেন, বগুড়ায় ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠান ও কয়েকটি সংস্থা মিলিয়ে মোট ৫০০টির বেশি চারাগাছ বিতরণ করা হবে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বগুড়া সিটি কর্পোরেশন প্রশাসক এম আর ইসলাম স্বাধীন বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, স্থানীয় সরকার বিভাগের উপসচিব রাজিয়া সুলতানা, সিভিল সার্জন মো. খুরশিদ আলম, বিভাগীয় বন কর্মকর্তা মতলুবুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক সোহেল মো. শামছুদ্দিন প্রমুখ।
