নিয়ম ভাঙার সুযোগ দেওয়া যাবে না, ফাইনালের আগে রেফারিকে স্পেন কোচের সতর্কবার্তা

অনলাইন ডেস্ক
বিশ্বকাপ ফাইনালের মহারণের আগে রেফারিং ইস্যুতে স্পষ্ট বার্তা দিলেন স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। আর্জেন্টিনার বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে দায়িত্ব পালন করতে যাওয়া রেফারিকে নিয়মের কঠোর প্রয়োগের আহ্বান জানিয়ে তিনি বলেছেন, মাঠে কোনো ধরনের শিথিলতা বা নিয়মভঙ্গের সুযোগ দেওয়া উচিত নয়।

চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার পারফরম্যান্স যেমন প্রশংসা কুড়িয়েছে, তেমনি কিছু ম্যাচে রেফারিং নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। বিশেষ করে শেষ ষোলোর লড়াইয়ে আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়ার পর মিসরের কোচ হোসাম হাসান এবং ফরোয়ার্ড মোস্তাফা জিকো প্রকাশ্যে রেফারির পক্ষপাতের অভিযোগ তোলেন। পরে মিসর ফুটবল অ্যাসোসিয়েশন বিষয়টি নিয়ে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার কাছেও অভিযোগ জানায়।

এই প্রেক্ষাপটে ফাইনালের আগে রেফারিং নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন দে লা ফুয়েন্তে। আগামী রবিবার রাতে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনাল পরিচালনা করবেন স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনচিচ।

স্পেনের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দে লা ফুয়েন্তে বলেন, “রেফারি কোনোভাবেই শিথিলতা দেখাতে পারেন না কিংবা নিয়ম ভাঙার সুযোগ দিতে পারেন না। ফুটবলের বৈধতার যে সীমারেখা রয়েছে, সেটি অবশ্যই বজায় রাখতে হবে।”

তবে রেফারিদের প্রতি নিজের আস্থার কথাও জানিয়েছেন স্পেন কোচ। তিনি বলেন, “রেফারিদের ওপর আমার পূর্ণ বিশ্বাস রয়েছে। একই সঙ্গে আমরা জানি, এমন বড় ম্যাচে কীভাবে খেলতে হয়।”

ফাইনালে আর্জেন্টিনার সম্ভাব্য কৌশল নিয়ে খুব বেশি মাথা ঘামাতে চান না দে লা ফুয়েন্তে। তার মতে, প্রতিপক্ষ নিজেদের স্বাভাবিক খেলাই খেলবে, আর স্পেনের লক্ষ্য হবে নিজেদের ফুটবলকে আরও কার্যকর ও নিখুঁত করে তোলা।

তিনি বলেন, “আর্জেন্টিনা তাদের নিজস্ব ধাঁচে খেলবে। কিন্তু আমাদের মনোযোগ থাকতে হবে নিজেদের খেলায়। আমাদের ফুটবলকে আরও শক্তিশালী করা এবং আরও নিখুঁতভাবে উপস্থাপন করাই প্রধান লক্ষ্য।”

স্প্যানিশ কোচ তার খেলোয়াড়দের মাঠের ভেতরে সম্ভাব্য উসকানি এড়িয়ে চলার পরামর্শও দিয়েছেন। তিনি মনে করেন, নিজেদের দর্শন থেকে বিচ্যুত হলে স্পেনকেই মূল্য দিতে হতে পারে।

দে লা ফুয়েন্তের ভাষায়, “আমরা ফুটবলকে ফুটবলের মতোই খেলতে চাই। নিজেদের চিন্তা ও পরিকল্পনায় অটল থাকতে চাই। কোনো ধরনের উসকানিতে পা দিতে চাই না। তবে এর অর্থ এই নয় যে আর্জেন্টিনা এমন কিছু করবে।”

বিশ্বকাপের সবচেয়ে প্রতীক্ষিত এই ফাইনালের আগে স্পেন কোচের এমন মন্তব্য নতুন করে আলোচনায় এনেছে রেফারিংয়ের বিষয়টি। এখন দেখার বিষয়, রবিবার রাতে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে আলোচনার কেন্দ্রবিন্দু থাকে ফুটবল, নাকি আবারও বিতর্কের জন্ম দেবে রেফারির সিদ্ধান্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights