দুই বছরেও ভরাট হয়নি স্কুল মাঠ, বৃষ্টিতে চরম দুর্ভোগে শিক্ষার্থী-শিক্ষক

গাইবান্ধা প্রতিনিধি

বৃষ্টি হলেই মাঠজুড়ে জমে যায় পানি। কাদা ও পানির মধ্যে দিয়েই শ্রেণিকক্ষে যেতে হয় শিক্ষার্থীদের। একই দুর্ভোগে পড়েন শিক্ষকরাও। মাঠে পানি জমে থাকায় ব্যাহত হচ্ছে খেলাধুলাসহ স্বাভাবিক শিক্ষা কার্যক্রম। এমন চিত্র গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর আমানউল্লাহ উচ্চ বিদ্যালয়ের।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালে বিদ্যালয়ের মাঠে মাটি ভরাটের সিদ্ধান্ত নেওয়া হয় এবং এ জন্য ৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। তবে দুই বছর পেরিয়ে গেলেও মাঠ ভরাটের কাজ শুরু হয়নি। এ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও ক্ষোভ দেখা দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর বিদ্যালয়ের তৎকালীন পরিচালনা কমিটির সভাপতির নামে বরাদ্দের টাকা আত্মসাৎ করেছেন প্রধান শিক্ষক। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াফিউল হাবীব সিটু।

মুঠোফোনে তিনি বলেন, কেউ টাকা আত্মসাৎ করেনি। বরাদ্দের অর্থ ব্যাংকে জমা রয়েছে। তবে দুই বছরেও মাঠ ভরাটের কাজ শুরু না হওয়ার কারণ সম্পর্কে তিনি কোনো মন্তব্য করেননি।

এদিকে গাইবান্ধা জেলা শিক্ষা কর্মকর্তা আতাউর রহমান বলেন, মাঠে পানি জমে থাকায় শিক্ষার্থীদের দুর্ভোগ হচ্ছে। এ কারণে অস্থায়ীভাবে পানি সেচের ব্যবস্থা নিতে প্রধান শিক্ষককে নির্দেশ দেওয়া হয়েছে।

তবে এলাকাবাসী ও অভিভাবকদের অভিযোগ, মাঠের পানি সেচের জন্য অতিরিক্ত মেশিন ভাড়ার বিল দেখিয়ে অর্থ আত্মসাতের চেষ্টা করা হচ্ছে। বরাদ্দের অর্থ থাকা সত্ত্বেও কেন মাঠ ভরাট করা হচ্ছে না, সে বিষয়ে তারা দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক বলেন, অভিযোগের বিষয়টি আমার জানা ছিল না। খোঁজ নিয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights