ওয়ার্ন-আফ্রিদিদের ছাড়িয়ে রেকর্ড গড়লেন কিউই স্পিনার
স্পোর্টস ডেস্ক
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত বোলিং করে রেকর্ড গড়েছেন নিউ জিল্যান্ডের বাঁহাতি স্পিনার জেইডেন লেনোক্স। পাঁচ ম্যাচের সিরিজে ১৪ উইকেট শিকার করে তিনি ছাড়িয়ে গেছেন শেন ওয়ার্ন, অনিল কুম্বলে ও শহীদ আফ্রিদির মতো কিংবদন্তি স্পিনারদের।
বার্বাডোজে অনুষ্ঠিত সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে ২ উইকেটে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। তবে এর আগেই ৩-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে ফেলেছিল নিউ জিল্যান্ড। শেষ ম্যাচে লেনোক্স তিনটি উইকেট তুলে নিয়ে সিরিজে নিজের মোট উইকেট সংখ্যা দাঁড় করান ১৪-তে। দুর্দান্ত এই পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে সিরিজসেরার পুরস্কারও জেতেন তিনি।
একটি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে কোনো স্পিনারের ১৪ উইকেট শিকার যৌথভাবে দশম সর্বোচ্চ। এর মাধ্যমে তিনি ১৩ উইকেট নেওয়া কিংবদন্তি শেন ওয়ার্ন, অনিল কুম্বলে ও শহীদ আফ্রিদিকে পেছনে ফেলেছেন। এই তালিকায় শীর্ষে রয়েছেন ভারতের অমিত মিশ্র (১৮) এবং দ্বিতীয় স্থানে কুলদীপ যাদব (১৭)।
মাত্র তৃতীয় আন্তর্জাতিক ওয়ানডে সিরিজ খেলেই এমন কীর্তি গড়েছেন ৩১ বছর বয়সী লেনোক্স। চলতি বছরের শুরুতে ভারতের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার।
সিরিজ শেষে নিজের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করে লেনোক্স বলেন, স্পিন-সহায়ক উইকেটে বোলিং করা তার জন্য দারুণ শিক্ষণীয় অভিজ্ঞতা ছিল। ভিন্ন কন্ডিশনে নিজেকে মানিয়ে নেওয়া এবং নতুন কিছু শেখার সুযোগ হিসেবে তিনি এই সিরিজকে দেখছেন।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে সফল হতে বোলিংয়ের সূক্ষ্ম দিকগুলো আয়ত্ত করা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে নিউ জিল্যান্ডের অধিনায়ক ও স্পিনার মিচেল স্যান্টনারের কাছ থেকে কৌশল শেখার সুযোগ তাকে আরও সমৃদ্ধ করেছে বলে জানান এই বাঁহাতি স্পিনার।
