‘চুম্বন বিতর্ক’ থেকে বেরোতে উদিত নারায়ণকে যে পরামর্শ দিয়েছিলেন অভিজিৎ

শোবিজ ডেস্ক

এক কনসার্টে নারী ভক্তের সঙ্গে ঘটে যাওয়া এক অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে বিতর্কের মুখে পড়েছিলেন ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী উদিত নারায়ণ। সেই ভিডিও ভাইরাল হতেই সামাজিক যোগাযোগমাধ্যমে তারকা ও ভক্তদের ব্যক্তিগত সীমানা এবং সম্মতি নিয়ে জোর সমালোচনা শুরু হয়।

সম্প্রতি এই বিতর্ক নিয়ে মুখ খুলেছেন নব্বইয়ের দশকের আরেক খ্যাতনামা সংগীতশিল্পী অভিজিৎ ভট্টাচার্য। উদিত নারায়ণের কঠিন সময়ে তিনি কীভাবে তার পাশে দাঁড়িয়েছিলেন এবং কী পরামর্শ দিয়েছিলেন, তা প্রকাশ্যে এনেছেন তিনি।

এক সাক্ষাৎকারে অভিজিৎ ভট্টাচার্য জানান, বিতর্ক যখন তুঙ্গে এবং উদিত নারায়ণ যখন মানসিকভাবে ভেঙে পড়েছিলেন, তখন তিনি সহশিল্পীর পাশে ঢাল হয়ে দাঁড়ান। সমস্যা এড়িয়ে যাওয়ার পরিবর্তে ঘটনাটি প্রকাশ্যে স্বীকার করে নেওয়ার পরামর্শ দেন তিনি। অভিজিৎ বলেন, ভক্তরা নানাভাবে তারকাদের প্রতি ভালোবাসা প্রকাশ করেন, তাই এটিকে অন্যভাবে দেখার বা বিতর্ক বাড়ানোর কোনো প্রয়োজন নেই।

সাক্ষাৎকারে অভিজিৎ বলেন, উদিত যখন আশা ছেড়ে দিয়েছিল, আমি বারবার ওর পাশে দাঁড়িয়েছি। ওকে বলেছিলাম, সোজাসুজি মেনে নিতে যে কোনো ভক্ত ভালোবেসে কাছে এলে সেই ভালোবাসা গ্রহণ করা স্বাভাবিক। কেউ এসে জড়িয়ে ধরলে বা চুম্বন করলে সেটাকে এত বড় করে দেখার কিছু নেই। উদিতকে সাহস জুগিয়ে তিনি আরও বলেন, তুমি উদিত নারায়ণ! ভক্তরা তোমাকে ভালোবেসে কিছু করলে তা নিয়ে অযথা জলঘোলা করার মানে হয় না। যা ঘটেছে তা স্বীকার করে স্বাভাবিকভাবে নেওয়ার পরামর্শ দিয়েছিলাম ওকে, আর পরবর্তীতে উদিতও সেই অনুযায়ী কথা বলতে শুরু করে।

পাশাপাশি সাক্ষাৎকারে সংগীতশিল্পী সোনু নিগমের অতীত বিতর্কের কথা টেনে এনে অভিজিৎ জানান, সেই কঠিন সময়েও তিনি সব সময় সানন্দে বন্ধুর পাশে থেকেছেন। ইন্ডাস্ট্রি ও চারপাশের বহু মানুষ সোনু নিগমের থেকে দূরত্ব বজায় রাখলেও, তিনি এক মুহূর্তের জন্যও বন্ধুকে একা ছেড়ে যাননি।

সূত্র: এনডিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights