নবজাতকের আগমন উপলক্ষে বসুন্ধরা শুভসংঘের গাছের চারা উপহার
অনলাইন ডেস্ক
নবজাতকের আগমন উপলক্ষে পরিবারকে গাছের চারা উপহার দিয়েছে বসুন্ধরা শুভসংঘ ফুলবাড়ী উপজেলা শাখা। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে শুক্রবার সকালে নবজাতকের পরিবারের হাতে এসব চারা তুলে দেন সংগঠনের সদস্যরা।
বুধবার (২২ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের উত্তর শিবপুর তেলিপাড়া গ্রামের মো. মিনহাজুল ইসলাম মিঠু ও মোছা. জান্নাতুন মাওয়া মিম দম্পতির ঘরে এক কন্যাসন্তানের জন্ম হয়। দিনাজপুর সদরের ডে-নাইট হাসপাতালে নরমাল ডেলিভারির মাধ্যমে জন্ম নেওয়া শিশুটি তাদের প্রথম সন্তান।
নবজাতকের জন্মের খবর পেয়ে বসুন্ধরা শুভসংঘ ফুলবাড়ী শাখার সদস্যরা তাদের বাড়িতে গিয়ে পরিবারের হাতে পাঁচটি নিম, মেহগনি, আম, কাঁঠাল, লেবু গাছের চারা তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ ফুলবাড়ী শাখার উপদেষ্টা ও কালের কণ্ঠের ফুলবাড়ী প্রতিনিধি আনোয়ার সাদাত মন্ডল, ইউপি সদস্য ছাইদুর রহমান, আনোয়ার হোসেন, বসুন্ধরা শুভসংঘ ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি সোহেল রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক যুগ্ম-সাধারণ সম্পাদক আল-আমিন, প্রচার সম্পাদক হাসানুর, যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাকিম, সদস্য সোহানুর রহমান সোহাগ, জিসানুর রহমান জীবন, রাসেল, রিপন, কৃষ্ণ রায়।
আনোয়ার সাদাত বলেন, ‘মানুষের বেঁচে থাকার জন্য অক্সিজেন অপরিহার্য, আর সেই অক্সিজেনের প্রধান উৎস গাছ। শুধু অক্সিজেনই নয়, গাছ আমাদের খাদ্য, ওষুধ, কাঠসহ জীবনের নানা প্রয়োজন মেটায়। তাই পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ জীবনের জন্য বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই।
আমরা যত গাছ কাটব, তার চেয়ে বেশি গাছ রোপণ করতে হবে এবং সন্তান লালনের মতোই সেগুলোর পরিচর্যা করতে হবে। নবজাতকের জন্মের সঙ্গে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে গাছের চারা উপহার সত্যিই প্রশংসনীয়। এতে শিশুর পাশাপাশি গাছও বড় হবে এবং ভবিষ্যতে তা পরিবেশের পাশাপাশি পরিবারের জন্যও মূল্যবান সম্পদে পরিণত হতে পারে। একজন সাংবাদিক, শিক্ষক হিসেবে আমি এই মানবিক ও পরিবেশবান্ধব উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানাই।’
শাখার সভাপতি সোহেল রানা বলেন, ‘নবজাতকের পরিবারকে গাছের চারা উপহার দেওয়ার উদ্যোগটি অত্যন্ত সময়োপযোগী ও মহৎ। পরিবেশের ভারসাম্য রক্ষায় একটি দেশের মোট ভূমির অন্তত ২৫ শতাংশ বনভূমি থাকা প্রয়োজন। কিন্তু বাংলাদেশে বনভূমির পরিমাণ সেই তুলনায় অনেক কম। ফলে জলবায়ু পরিবর্তন, বন্যা, খরা, অতিবৃষ্টি ও অনাবৃষ্টিসহ নানা পরিবেশগত সংকট দিন দিন বাড়ছে। এমন বাস্তবতায় প্রতিটি নবজাতকের নামে পাঁচটি গাছের চারা উপহার দেওয়ার উদ্যোগ পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ’
যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন বলেন, শিশুর জন্ম যেমন পরিবারের জন্য আনন্দ ও আশীর্বাদের, তেমনি গাছের চারা রোপণ ভবিষ্যৎ প্রজন্ম ও প্রকৃতির জন্য আশার প্রতীক। তাই প্রতিটি নবজাতকের পরিবারকে গাছের চারা উপহার দেওয়া হচ্ছে। আমাদের প্রত্যাশা, শিশুটি যেমন স্নেহ-ভালোবাসায় বড় হবে, তেমনি গাছগুলোও পরিচর্যায় বেড়ে উঠে একদিন ফল, ফুল, ছায়া ও নির্মল অক্সিজেন দিয়ে সমাজ ও পরিবেশকে সমৃদ্ধ করবে।
ইউপি সদস্য ছাইদুর রহমান বলেন, বসুন্ধরা শুভসংঘের মালিকের জন্য আমরা সবাই দুই হাত তুলে দোয়া করি এমন একটি উদ্যোগ গ্রহণ করার জন্য। এসময় উপস্থিত থেকে নবজাতকের দাদা মো. আইনুল ও দাদি মোছা. মুক্তারা বেগম বসুন্ধরা শুভসংঘের সদস্যদের ধন্যবাদ জানান।
তিনি আরও বলেন, ‘উপহার পাওয়া গাছের চারাগুলো আমরা যত্ন সহকারে রোপণ ও পরিচর্যা করবো, যাতে সন্তানের সঙ্গে সেগুলোও বড় হয়ে ভবিষ্যতে মূল্যবান সম্পদে পরিণত হয়।’
