যশোরে সাবেক স্ত্রীর পরিবারের বিরুদ্ধে ফ্ল্যাট দখল ও চাঁদা দাবির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে সাবেক স্ত্রীর পরিবার ও সহযোগীদের বিরুদ্ধে ৩০ লাখ টাকা চাঁদা দাবি এবং ফ্ল্যাট দখলের অভিযোগ করেছেন রফিকুল ইসলাম নাইচ নামে এক ব্যবসায়ী। টাকা না দিলে মাদক বা অস্ত্র মামলায় ফাঁসানোসহ সন্তানকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি করেছেন তিনি।

রবিবার দুপুরে প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন রফিকুল।

লিখিত বক্তব্যে তিনি জানান, কাবিনের বিষয়কে কেন্দ্র করে তার সাবেক স্ত্রী লামিয়া ইসলাম, শাশুড়ি সারা বানু, শ্যালিকা রেবেকা ইসলামসহ একটি পক্ষ অনৈতিকভাবে তার কাছে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করছে। টাকা না দিলে মাদক বা অস্ত্র দিয়ে ফাঁসানো, ব্যাবসা ধ্বংস এবং সন্তানকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এছাড়া তার মালিকানাধীন একটি ফ্ল্যাট জোরপূর্বক দখল করে রাখা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

রফিকুল আরও জানান, গত ১ ও ১৩ জুলাই তার ব্যাবসাপ্রতিষ্ঠানে হামলা ও প্রাণনাশের চেষ্টা চালানো হয়। এ ঘটনায় তিনি ইতোমধ্যে দুটি সাধারণ ডায়েরি করেছেন। আদালতের আদেশে পুলিশ বিষয়টি তদন্ত করছে।

সংবাদ সম্মেলনে তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত লামিয়া ইসলামের মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights