সতীর্থদের জন্য মেসির বিশেষ বিশ্বকাপ উপহার

স্পোর্টস ডেস্ক

২০২৬ বিশ্বকাপ অভিযান শেষে আর্জেন্টিনা দলের সতীর্থদের জন্য বিশেষ উপহার দিয়েছেন অধিনায়ক লিওনেল মেসি। ব্যক্তিগত পছন্দ ও স্মৃতিকে গুরুত্ব দিয়ে তৈরি করা একটি কাস্টমাইজড ‘মেতে সেট’ উপহার দিয়েছেন তিনি দলের প্রত্যেক সদস্যকে।

আর্জেন্টিনার ডিফেন্ডার মার্কোস সেনেসির বান্ধবী কেলসি-রোজ বাওয়ার্স সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে বিষয়টি সামনে আনেন। ভিডিওতে তিনি মেসির দেওয়া সোনালি রঙের মেতে সেট দেখান এবং জানান, জাতীয় দলের ক্যাম্প থেকে ফেরার পর সেনেসি সেটি নিয়ে বাড়ি ফেরেন।

ভিডিওতে বাওয়ার্স বলেন, ‘তোমাদের একটি দারুণ জিনিস দেখাতে চাই। এটি দেখলে সবাই খুশি হবে। মার্কোস ক্যাম্প থেকে এই ব্যাগটি এনেছে। এতে তার নামও লেখা আছে। এটি তার মেতে সেট। মেসি দলের সব খেলোয়াড়কে এই উপহার দিয়েছেন।’

প্রতিটি সেটে ছিল মেসির নিজস্ব ব্র্যান্ডের লোগোযুক্ত একটি সোনালি স্ট্যানলি থার্মোস ফ্লাস্ক, একটি মেতে কাপ, ইয়েরবা মেতে পাতা এবং ধাতব স্ট্র। কাস্টমাইজড ব্যাগে ছিল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) লোগো, বিশ্বকাপ ট্রফির নকশা এবং খেলোয়াড়ের নাম।

দক্ষিণ আমেরিকায় মেতে একটি জনপ্রিয় ঐতিহ্যবাহী পানীয়। গরম পানিতে শুকনো ‘ইয়েরবা মেতে’ পাতা ভিজিয়ে এটি তৈরি করা হয়। আর্জেন্টিনা ও আশপাশের দেশগুলোতে সামাজিক ও সাংস্কৃতিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবেও মেতের বিশেষ পরিচিতি রয়েছে।

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার হতাশাজনক পরাজয়ের পর সতীর্থদের প্রতি মেসির এই উপহারকে ভালোবাসা ও বন্ধনের প্রতীক হিসেবে দেখা হচ্ছে। ফাইনালে ফেরান তোরেসের ১০৬ মিনিটের গোলে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জেতে স্পেন।

এদিকে, মার্কোস সেনেসি সম্প্রতি ইংলিশ ক্লাব বোর্নমাউথ ছেড়ে টটেনহ্যামে যোগ দিয়েছেন। ২০২৬-২৭ প্রিমিয়ার লিগ মৌসুম সামনে রেখে রবার্তো দে জের্বির অধীনে নর্থ লন্ডনের ক্লাবটির সঙ্গে চার বছরের চুক্তি করেছেন তিনি।

সেনেসির বান্ধবী কেলসি-রোজ বাওয়ার্সেরও রয়েছে ফুটবল ক্যারিয়ার। চেলসি ও সাউদাম্পটনের একাডেমিতে বেড়ে ওঠার পর তিনি যুক্তরাষ্ট্রের লুইসিয়ানা স্টেট ইউনিভার্সিটিতে কলেজ ফুটবল খেলেছেন এবং পরে বোর্নমাউথে যোগ দেন।

সূত্র: গোল ডটকম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights