আইসিসির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের অবস্থানের নিন্দা ইরানের
অনলাইন ডেস্ক
আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মন্তব্য এবং আদালতের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার মার্কিন প্রতিশ্রুতির তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গরিবাবাদি বলেন, গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকা সত্ত্বেও নেতানিয়াহু ‘নির্লজ্জভাবে’ দাবি করছেন যে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তার বিরুদ্ধে আইসিসির নেয়া পদক্ষেপের বিষয়ে ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
নেতানিয়াহুর সমালোচনা করে গরিবাবাদি আরও বলেন, আইসিসি যুক্তরাষ্ট্রের কাঙ্ক্ষিত কোনো অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সাহস দেখিয়েছে বলেই আদালটিকে ‘দুর্নীতিগ্রস্ত’ বলা হচ্ছে।
এর আগে নেতানিয়াহু এক্সে জানিয়েছিলেন, তিনি মার্কো রুবিওর সঙ্গে আলোচনা করেছেন এবং যুক্তরাষ্ট্র আইসিসির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
নেতানিয়াহু আইসিসিকে এমন একটি প্রতিষ্ঠান হিসেবে আখ্যায়িত করেন, যা তার ভাষায়, ন্যায়বিচারকে ক্ষুণ্ন করে এবং গণতান্ত্রিক ও সার্বভৌম রাষ্ট্রগুলোর ওপর আক্রমণ চালায়। তাঁর দাবি, হেগভিত্তিক আদালতের ‘জবাবদিহিহীন ও দুর্নীতিগ্রস্ত’ কর্মকর্তাদের সিদ্ধান্তের কাছে এসব রাষ্ট্রের নিরাপত্তাকে অধীনস্থ করার চেষ্টা করা হচ্ছে। তথ্যসূত্র: তাসনিমনিউজ।
