এনটিআরসিএর ভাইভা দ্রুত সম্পন্নের দাবিতে কুড়িগ্রামে স্মারকলিপি

কুড়িগ্রাম প্রতিনিধি

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধানের শূন্যপদ পূরণের লক্ষ্যে ‘৮ম এনটিআরসিএ প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষা-২০২৬’-এর মৌখিক পরীক্ষা দ্রুত গ্রহণ এবং নিয়োগ প্রক্রিয়া সম্পন্নের দাবিতে কুড়িগ্রামে স্মারকলিপি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল সাড়ে ৪টায় ‘৮ম এনটিআরসিএ প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান ভাইভা প্রত্যাশী শিক্ষক সমাজ, কুড়িগ্রাম জেলা শাখা’র উদ্যোগে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক সৈয়দ মো. ওবায়দুল হক বাহার, সিনিয়র শিক্ষক মিজানুর রহমান চৌধুরী, আব্দুল হাই সরদার ও নুর ইসলামসহ অন্যান্য শিক্ষক।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দেশের বেসরকারি শিক্ষা ব্যবস্থার বড় একটি অংশ বর্তমানে স্থায়ী প্রতিষ্ঠান প্রধানের অভাবে সংকটে রয়েছে। প্রায় সাড়ে ১২ হাজারের বেশি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্থায়ী প্রধান না থাকায় ভারপ্রাপ্ত শিক্ষকদের মাধ্যমে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম পরিচালিত হচ্ছে, যা শিক্ষার মান উন্নয়নে নেতিবাচক প্রভাব ফেলছে।

এ অবস্থায় ‘৮ম এনটিআরসিএ প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষা-২০২৬’-এর মৌখিক পরীক্ষা দ্রুত গ্রহণ এবং নিয়োগ কার্যক্রম সম্পন্ন করে শিক্ষা প্রতিষ্ঠানের চলমান সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান স্মারকলিপি প্রদানকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights