নোবিপ্রবির এফটিএনএস বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশন সায়েন্স (এফটিএনএস) বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘বিদায় কোনো সমাপ্তির নাম নয়, বরং এটি একটি নতুন অধ্যায়ের সূচনা। বিশ্ববিদ্যালয়ে অর্জিত জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বাস্তব জীবনে কাজে লাগানোর মধ্য দিয়েই একজন শিক্ষার্থীর প্রকৃত সাফল্য অর্জিত হবে।’

তিনি আরও বলেন, ফুড টেকনোলজি ও নিউট্রিশনের শিক্ষার্থী হিসেবে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, পুষ্টি নিরাপত্তা এবং জনস্বাস্থ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে। তাই বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় অর্জিত জ্ঞানকে কার্যকরভাবে কাজে লাগাতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে সাফল্য অর্জনে অধ্যবসায়, সততা ও নৈতিকতার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এফটিএনএস বিভাগের চেয়ারম্যান ড. মানসুরা মকবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন, প্রক্টর এ এফ এম আরিফুর রহমান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. শিবলুর রহমান।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক এবং বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়। এতে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights