এক যুগ পর মঞ্চে ফিরছেন কাজী মারুফ

অনলাইন ডেস্ক
প্রায় এক যুগ পর আবারও মঞ্চে পারফর্ম করতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা কাজী মারুফ। নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভাল-২০২৬-এর মূল আয়োজনে বিশেষ আকর্ষণ হিসেবে দর্শকদের সামনে হাজির হবেন তিনি।

আগামী ২ আগস্ট নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠিত হবে উৎসবের মূল আয়োজন। সেখানে কাজী মারুফের পরিবেশনা ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ইতোমধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন কাজী মারুফ। অভিনয়ের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডেও যুক্ত রয়েছেন তিনি। তবে দীর্ঘ বিরতির পর নিউইয়র্কের বড় কোনো সাংস্কৃতিক আয়োজনে তার অংশগ্রহণকে বিশেষভাবে দেখছেন ভক্তরা।

আয়োজকরা জানিয়েছেন, চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি তারকাদের উপস্থিতি, সাংস্কৃতিক পরিবেশনা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এবারের নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভাল আরও বর্ণাঢ্য হবে। এ আয়োজনের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছেন কাজী মারুফ।

প্রিয়জন ফিল্মস ও লেমন স্টুডিওর যৌথ উদ্যোগে আয়োজিত এ উৎসবে সহযোগিতা করছে আমেরিকান বাংলাদেশি প্রডিউসার অ্যাসোসিয়েশন (এবিপিএ)। ৩০ জুলাই থেকে তিন দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে উৎসবের কার্যক্রম শুরু হবে।

শর্টফিল্ম, তথ্যচিত্র ও পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র- এই তিন বিভাগে নির্বাচিত সিনেমা প্রদর্শিত হবে। মূল আয়োজনে অংশ নিতে বাংলাদেশ থেকে এরই মধ্যে বেশ কয়েকজন চলচ্চিত্র তারকা নিউইয়র্কে পৌঁছেছেন।

এছাড়া বাংলা চলচ্চিত্রে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে কিংবদন্তি অভিনেতা আহমেদ শরীফকে ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ প্রদান করবে নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভাল কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights