রংপুরে ৩ মাসে ৩১৬ পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২০০
নিজস্ব প্রতিবেদক, রংপুর
রংপুর নগরীতে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী, কাপড়, নকল বিড়ি-সিগারেটসহ বিভিন্ন পণ্য জব্দ করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। এ ঘটনায় লাভলু নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) বিকেলে আরএমপি সদর দপ্তরের মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ এ তথ্য জানান।
তিনি বলেন, বিশেষ অভিযানে একটি কুরিয়ার সার্ভিসের পিকআপ ভ্যান থেকে ১৫ বস্তা ভারতীয় প্রসাধনী, ৯ বস্তা ভারতীয় কাপড়, দেড় লাখ শলাকা নকল বিড়ি, ২৩ বস্তা নকল ব্র্যান্ডের সিগারেট, ২ বস্তা নকল আকিজ বিড়ি এবং ৫০টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় লাভলু নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার আরও জানান, গত তিন মাসে আরএমপি বিভিন্ন অভিযানে ৩১৬ জন পরোয়ানাভুক্ত আসামি, ২৮২ জন মাদক কারবারি, শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্রের (এসি) তামা চোর চক্রের ৫৩ সদস্য, নারী ও শিশু নির্যাতন মামলার ৩২ আসামি, হত্যা মামলার ৫ আসামি, নিষিদ্ধ সংগঠনের ১২ সদস্য এবং বিভিন্ন মামলার আরও ৯২৬ আসামিকে গ্রেপ্তার করেছে।
এ সময় ১০ বস্তা তামার তার, ৩ হাজার ইয়াবা, ৫০ গ্রাম হেরোইন, ২০ কেজি গাঁজাসহ ফেনসিডিল, ট্যাপেন্টাডল ও মরফিন ইনজেকশন উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
মোহাম্মদ আবদুল মাবুদ বলেন, অনলাইন ও অফলাইন জুয়া বন্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে তথ্য পাওয়া মাত্রই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি নগরীর যানজট কমাতে ট্রাফিক বিভাগ নিয়মিত কাজ করছে।
সংবাদ সম্মেলনে আরএমপির উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী, মাহফুজুর রহমান, মারুফ আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
