নাঙ্গলকোটে অপহরণের একমাসেও উদ্ধার হয়নি কিশোরী
লাকসাম(কুমিল্লা) প্রতিনিধি
পরীক্ষা দিতে থেকে বাসা থেকে বের হয়েছিলেন কুমিল্লার নাঙ্গলকোটের মৌকরা ইউনিয়নের চাঁন্দাইশ গ্রামের আলিম মাদ্রাসার দশম শ্রেশির শিক্ষার্থী জান্নাতুল মাহিয়া মাহি। এ সময় মাহিকে অপহরণ করে নিয়ে যায় একই গ্রামের যুবক আব্দুল মন্নান মনা মিয়া।
তাকে সহযোগিতা করেন তার ভাই হুমায়ুন, বোন ঝুমা আক্তার ও তার বাবা জামাল উদ্দিন। গত ৩০ জুন সংঘটিত এ অপহরণের ঘটনায় থানায় অভিযোগ করেন ভুক্তভোগীর বাবা মোহাম্মদ শাহজাহান। অপহরণের পর এক মাস পেরিয়ে গেলেও, অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করা সম্ভব হয়নি।
বুধবার(২৯ জুলাই) সকালে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী পরিবারের অভিযোগ করেন, অপহরণকারীরা তাদের বিরুদ্ধে অপপ্রচার ও নানাভাবে হুমকি দিচ্ছেন।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীর বাবা বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত ফ্লাইট সার্জন মোহাম্মদ শাহজাহান এবং তার মা মেহেরুন্নেছা মেরি তারা বলেন, তাদের মেয়েকে আব্দুল মন্নান মনা মিয়া ও তার পরিবারের সদস্যরা অপহরণ করে নিয়ে গেছে। তবে প্রশাসন এখনও পর্যন্ত তাকে উদ্ধার করে দিতে পারেনি। তাদের মেয়েটি কোথায় আছে, কীভাবে আছে তারা কিছুই জানে না। উল্টো অপহরণকারীরা তাদের বিরুদ্ধে অপপ্রচার ও হুমকি দিয়ে আসছে। মেয়েকে উদ্ধারের পাশাপাশি অপহরণের সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করেন তারা।
এ বিষয়ে বক্তব্যের জন্য অভিযোগ ওঠা ব্যক্তিদের ফোন করেও পাওয়া যায়নি। তবে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহিনূর ইসলাম বলেন, মামলা হয়েছে, একজন আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতার ও অপহৃত শিক্ষার্থীকে উদ্ধারে অভিযান চলছে।
