নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১ হাজার ৬০ কোটি টাকার বাজেট ঘোষণা
নারায়ণগঞ্জ প্রতিনিধি
অতিরিক্ত কর আরোপ না করে রাজস্ব খাত সৃষ্টির লক্ষ্যমাত্রা নিয়ে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১ হাজার ৬০ কোটি ৯৯ লাখ ৭৫ হাজার ১১২ টাকার বাজেট ঘোষণা করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক)।
বৃহস্পতিবার দুপুরে নগর ভবন মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে নাসিকের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এই বাজেট ঘোষণা করেন। এই বাজেট নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন গঠনের পর এটি নাসিকের ১৫তম বাজেট।
নাসিকের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রণয়নের ক্ষেত্রে আমরা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আর্থিক সক্ষমতা, নিজস্ব রাজস্ব আয়, উন্নয়ন সম্ভাবনা এবং সর্বোপরি নগরবাসীর প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। আমাদের লক্ষ্য হচ্ছে অতিরিক্ত কর আরোপের মাধ্যমে নাগরিকদের ওপর নতুন আর্থিক চাপ সৃষ্টি না করে রাজস্ব ব্যবস্থাপনায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি করা এবং নতুন নতুন রাজস্ব আয়ের উৎস সৃষ্টি করে সিটি কর্পোরেশনের নিজস্ব আয় বৃদ্ধি করা।
তিনি বলেন, বাজেটে অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণ ও সাশ্রয়ের পাশাপাশি নাগরিক সেবার মানোন্নয়ন এবং দৃশ্যমান উন্নয়ন কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। অবকাঠামো উন্নয়ন, সড়ক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা নিরসন, প্রাথমিক স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সংস্কৃতির প্রসার, ক্রীড়া উন্নয়ন, ডেঙ্গু ও মশাবাহিত রোগ নিয়ন্ত্রণ, পরিবেশ সংরক্ষণ, যানজট নিরসন, সড়কবাতির উন্নয়ন এবং তথ্যপ্রযুক্তি নির্ভর নাগরিক সেবা সম্প্রসারণকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ২০২৫-২৬ অর্থবছরের অনুমোদিত বাজেটে মোট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ২১৪ কোটি ৫৪ লাখ ৯২ হাজার ৯১২ টাকা। এর বিপরীতে প্রকৃত রাজস্ব আদায় হয়েছে ১৫৯ কোটি ৭৯ লক্ষ ১৫ হাজার ১০৭ টাকা। আদায়ের হার ৭৪ দশমিক ৪৮ শতাংশ। উক্ত ১৫৯ কোটি ৭৯ লক্ষ ১৫ হাজার ১০৭ টাকা-এর মধ্যে কর বাবদ আদায় ৮০ কোটি ৫০ লাখ ৮০ হাজার ৭৯০ টাকা, অনুদান ১ কোটি ১৪ লাখ ৬০ হাজার টাকা, অন্যান্য রাজস্ব বাবদ আদায় ৫৪ কোটি ১৪ লক্ষ ৬০ হাজার ৬০৫ টাকা। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে রাজস্ব খাতে আয় প্রস্তাব করা হয়েছে ২১৪ কোটি ৭৫ লক্ষ ৯৬ হাজার ২০১ টাকা।
নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নুর কুতুবুল আলমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিব ও মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রসঙ্গত, ২০২৫-২৬ অর্থ বছরে নাসিকের বাজেট ছিল ৭৭৫ কোটি ৩৩ লাখ ৭৮ হাজার টাকা, ২০২৪-২৫ অর্থ বছরে নাসিকের বাজেট ছিল ৫৪৪ কোটি ২৯ লাখ ৩ হাজার ৭৯৬ টাকা, ২০২৩-২৪ অর্থবছরে নাসিকের বাজেট ছিল ৬৯৫ কোটি ৭ লাখ ৫৮ হাজার টাকা, ২০২২-২৩ অর্থবছরে ৫৮৮ কোটি টাকা এবং ২০২১-২২ অর্থবছরে ৬৮৮ কোটি ২৩ লাখ ১৭ হাজার ৩৫৬ টাকা।
