যুক্তরাষ্ট্রে ডিগ্রি শেষে কাজ করতে দিতে হবে ১ লাখ ডলার, ট্রাম্পের পরিকল্পনা
অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রে পড়াশোনা শেষে কাজ করার অনুমতি পেতে বিদেশি শিক্ষার্থীদের ওপর ১ লাখ ডলার (প্রায় ১ কোটি ২০ লাখ টাকা) ফি আরোপের কথা বিবেচনা করছে ট্রাম্প প্রশাসন।
ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে জানা গেছে, আইনি অভিবাসন প্রক্রিয়া আরও কঠিন করার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। এটি বাস্তবায়িত হলে বিদেশি শিক্ষার্থীদের কাছে যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষা আকর্ষণ হারাবে। ফলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর নির্ভরশীল বিশ্ববিদ্যালয়গুলো রাজস্ব সঙ্কটে পড়বে এবং বিদেশি মেধা নিয়োগ করা প্রযুক্তি ও আর্থিক প্রতিষ্ঠানগুলোও বড় ধরনের ধাক্কা খাবে।
প্রস্তাবিত এই ফি মূলত ‘অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং’ (ওপিটি) স্কিমের সঙ্গে যুক্ত। এই স্কিমের আওতায় আন্তর্জাতিক গ্র্যাজুয়েটরা ডিগ্রি শেষে সর্বোচ্চ তিন বছর যুক্তরাষ্ট্রে কাজের সুযোগ পান। ২০২৪ সালে প্রায় ৪ লাখ ১৯ হাজার বিদেশি শিক্ষার্থী ওপিটির অধীনে কর্মরত ছিলেন। এই সুযোগ পরবর্তীতে এইচ-ওয়ানবি (H-1B) ভিসার পথ সুগম করে।
সম্প্রতি বোস্টনের একটি আপিল আদালত এইচ-ওয়ানবি ভিসা আবেদনকারীদের ওপর ১ লাখ ডলার ফি চাপানোর সিদ্ধান্ত স্থগিত করেন। আদালতের সেই ধাক্কার পরই ওপিটি সংক্রান্ত এই নতুন পরিকল্পনার কথা সামনে এলো। চূড়ান্তভাবে এটি চালু হলে মার্কিন বৈধ অভিবাসন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে।
বিডিপ্রতিদিন/কেকে
